অ্যাসাঞ্জকে কারাগারের নির্জন কক্ষে রাখা হয়েছে
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনে ওয়ান্ডসওয়ার্থ কারাগারের নির্জন একটি কক্ষে রাখা হয়েছে। গতকাল শনিবার অ্যাসাঞ্জের নিরাপত্তার কথা ভেবে তাঁকে এমন কক্ষে রাখা হয়। আগামী মঙ্গলবার অ্যাসাঞ্জকে আবারও আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।গত শুক্রবার উইকিলিকসের প্রকাশিত নথিতে দেখা যায়, যাজকদের হাতে শিশুদের যৌন হয়রানির বিষয়ে আয়ারল্যান্ডের তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় ভ্যাটিকান সিটি। অসহযোগিতার কারণ হিসেবে বলা হয়, তদন্তে সহযোগিতার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওই আবেদন করা হয়নি।গত শুক্রবার অ্যাসাঞ্জের আইনজীবী জেনিফার রবিনসন জানান, অ্যাসাঞ্জকে ওয়ান্ডসওয়ার্থ কারাগারের মূল শাখা থেকে নির্জন কক্ষে নিয়ে যাওয়া হতে পারে। সম্ভবত নিরাপত্তার কারণেই কারা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। জেনিফার অভিযোগ করেন, অ্যাসাঞ্জের বিনোদনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। তাঁর সঙ্গে যোগাযোগ করতেও সমস্যা হচ্ছে। জেনিফার আরও জানান, তাঁরা অ্যাসাঞ্জকে একটি ল্যাপটপ কম্পিউটার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন। অষ্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ গত মঙ্গলবার ব্রিটেনে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁকে সুইডেনে দুই নারীর দায়ের করা যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার করা হয়। এএফপি।