উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে না—সুইডেনের কাছে এ নিশ্চয়তা চেয়ে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা নিয়ে সৃষ্ট ‘বর্তমান অচলাবস্থা ভাঙার’ আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।সুইডেনে প্রত্যর্পণ এড়াতে গত ১৯ জুন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। তিনি সেখানেই অবস্থান করছেন। সুইডেনে তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে মামলা রয়েছে। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করছেন অ্যাসাঞ্জ।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি এক বিবৃতিতে জানায়, তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠালে দেশটি তাঁকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করবে। তবে সুইডেন যদি জোর করে এটা করে, তাহলে অ্যাসাঞ্জের ‘মানবাধিকার সত্যিকার অর্থেই চরমভাবে লঙ্ঘিত হওয়ার ঝুঁকি’ সৃষ্টি হবে।অ্যামনেস্টির জ্যেষ্ঠ পরিচালক (গবেষণা) নিকোলা ডাকওয়ার্থ বলেন, সুইডেন যদি প্রকাশ্যে ঘোষণা দেয়, অ্যাসাঞ্জ সুইডেনের আদালতে হাজির হলে তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না, তাহলে দুটি বিষয় অর্জিত হবে। প্রথমত, এর ফলে অ্যাসাঞ্জের বিরুদ্ধে প্রত্যর্পণ মামলা নিয়ে বর্তমান অচলবস্থা ভাঙবে; দ্বিতীয়ত, অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগকারী নারীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত হবে।অ্যাসাঞ্জ ও তাঁর সমর্থকদের আশঙ্কা, সুইডেনে প্রত্যর্পণ করা হলে দেশটি তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। আর যুক্তরাষ্ট্র লাখ লাখ গোপন নথি প্রকাশের দায়ে অ্যাসাঞ্জকে মৃত্যুদণ্ড দেবে। যুক্তরাজ্য ও ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো।গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বৈঠকে অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণের ব্যাপারে যুক্তরাজ্যের আইনি বাধ্যবাধকতার বিষয়টি পাতিনোকে জানান হেগ। তিনি আরও জানান, ইকুয়েডর যে আইনবলে অ্যাসাঞ্জকে তার দূতাবাসে আশ্রয় দিয়েছে, যুক্তরাজ্যে সেই আইন নেই। হেগের একজন মুখপাত্র জানান, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী অ্যাসাঞ্জের প্রত্যর্পণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার বিষয়ে একমত হয়েছেন। বিবিসি।