অ্যাসাঞ্জকে লন্ডনেই জিজ্ঞাসাবাদ করতে চায় সুইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনে জিজ্ঞাসাবাদ করার প্রস্তাব করেছে সুইডেন। সুইডিশ কৌঁসুলিরা গতকাল শুক্রবার লন্ডনের আইনজীবীদের এই প্রস্তাব দেন। এর আগে সুইডিশ আইনজীবীরা অ্যাসাঞ্জকে লন্ডনে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে আপত্তি তোলেন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, সুইডেনের প্রধান কৌঁসুলি ম্যারিয়েন নাই এক বিবৃতিতে জানান, এর আগে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে গিয়ে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চাননি তিনি। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁরা এতে রাজি হয়েছেন। কারণ অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করা না হলে তাঁর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্তের কোনো অগ্রগতি হবে না।

ম্যারিয়েন বলেন, তিনি গতকাল অ্যাসাঞ্জের আইনজীবীদের জিজ্ঞাসাবাদ করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে অ্যাসাঞ্জের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা ইকুয়েডরের সরকারকে দিতে অনুরোধ করেছেন।

অ্যাসাঞ্জের আইনজীবী পার স্যামুয়েলসন বলেন, চার বছর ধরে তাঁরা এটি চাইছিলেন। জিজ্ঞাসাবাদের ব্যাপারে তাঁরা অ্যাসাঞ্জের সঙ্গে কথা বলেছেন।

২০১২ সালের ১৯ জুন থেকে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে রয়েছেন। যৌন হয়রানির অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সুইডেন। অভিযোগ অস্বীকার করেছেন ৪৩ বছর বয়সী এই অস্ট্রেলীয়।