গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনে যেতে হবে। সুইডেনে ফেরত পাঠানোর পক্ষে নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে অ্যাসাঞ্জের আবেদন খারিজ করে গতকাল বুধবার লন্ডনের হাইকোর্ট এমনই রায় দিয়েছেন।তবে অ্যাসাঞ্জ চাইলে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারবেন। এ জন্য দুই সপ্তাহ সময় পাবেন তিনি।অ্যাসাঞ্জের আইনজীবীরা জানান, আইনি লড়াই চালিয়ে যেতে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বিবেচনা করছেন অ্যাসাঞ্জ।অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে দুই নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে গত ডিসেম্বরে যুক্তরাজ্যে তিনি গ্রেপ্তার হন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সুইডিশ কৌঁসুলিরা সে দেশে ফেরত পাঠানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের নিম্ন আদালত গত ফেব্রুয়ারিতে তাঁকে সুইডেনে পাঠানোর পক্ষে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ।শুরু থেকেই ধর্ষণের অভিযোগ নাকচ করে অ্যাসাঞ্জ একে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাঁর আশঙ্কা, সুইডেনে ফেরত পাঠানো হলে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র বিচারের নামে তাঁকে মৃত্যুদণ্ড দেবে। কারণ, উইকিলিকস যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করায় মার্কিন সরকার তাঁর ওপর চরম ক্ষুব্ধ।লন্ডন হাইকোর্টের বিচারপতি টমাস ও বিচারপতি ওইউজলে গতকাল অ্যাসাঞ্জের আবেদন খারিজ করে দেন।অ্যাসাঞ্জের আইনজীবীরা আদালতে যুক্তি দেখান, যে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানাবলে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে, তা অবৈধ। কারণ, কোনো আদালত নয়, একজন সরকারি কৌঁসুলি এই পরোয়ানা জারি করেন। তবে হাইকোর্ট তাঁদের এই যুক্তি নাকচ করেন।অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের নরফোকের এলিংহাম হল এলাকায় এক বন্ধুর বাড়িতে অবস্থান করছেন। তাঁকে প্রতিদিন স্থানীয় থানায় হাজিরা দিতে হয়। রাত ১০টার মধ্যে বাসায় ফিরতে হয়। এএফপি ও রয়টার্স।