অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের পক্ষেই রায় ব্রিটিশ আদালতের
গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তরের পক্ষেই রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার আদালত এ রায় দেন।সুপ্রিম কোর্টের এই রায় চ্যালেঞ্জ করতে চাইলে অ্যাসাঞ্জের আইনজীবীদের ১৪ দিনের মধ্যে আবেদন করতে হবে। এই সময়ের মধ্যে চাইলে ওই মামলা পুনরায় চালুর আবেদনও করা যাবে। যৌন অপরাধের অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে দায়ের হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই পরোয়ানাকে চ্যালেঞ্জ করে যুক্তরাজ্যের আদালতে আবেদন করেন অ্যাসাঞ্জ। তাঁর বিরুদ্ধে এমন পরোয়ানা জারির এখতিয়ার সুইডেনের কৌঁসুলির নেই বলে দাবি করেন অ্যাসাঞ্জের আইনজীবীরা। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট গতকাল অ্যাসাঞ্জের এই আবেদন খারিজ করে দেন। এর আগে দেশটির দুটি নিম্ন আদালতও অ্যাসাঞ্জের আবেদন খারিজ করে দেন।গতকাল আদালতের প্রধান লর্ড ফিলিপস বলেন, আইনগতভাবেই সিদ্ধান্ত দিয়েছেন আদালত। পাঁচজন বিচারক অ্যাসাঞ্জের আবেদন খারিজের পক্ষে রায় দিয়েছেন। তাই সুইডেনের কাছে হস্তান্তর প্রক্রিয়ার বিরুদ্ধে অ্যাসাঞ্জের করা আবেদন নাকচ করে দেওয়া হলো।অ্যাসাঞ্জ শর্ত সাপেক্ষে জামিন নিয়ে লন্ডনে বাস করছেন। গতকাল রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।৪০ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালের আগস্টে সুইডেনের স্টকহোমে যৌন অপরাধ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যাসাঞ্জ। তিনি একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও আখ্যা দেন।বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ গোপন নথি ফাঁস করে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হন অ্যাসাঞ্জ। তাঁর আইনজীবীদের আশঙ্কা, অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তর করা হলে সুইডিশ কর্তৃপক্ষ তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। আর গোপন নথি প্রকাশের ‘শাস্তি’ হিসেবে মার্কিন সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এএফপি ও বিবিসি।