অ্যাসাঞ্জের টক শো সম্প্রচার করবে রুশ টেলিভিশন
মার্কিন কূটনীতিকদের গোপন তারবার্তা প্রকাশ করে সারা বিশ্বে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবার টক শো করবেন। এই শো সম্প্রচার করবে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটি। গতকাল বুধবার টেলিভিশন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে এই চ্যানেলের নাম ছিল রাশিয়া টুডে। রুশ সরকার সমসাময়িক বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে ২০০৫ ইংরেজি ভাষার এই চ্যানেল চালু করে। আরটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অ্যাসাঞ্জ টক শো শুরু করতে যাচ্ছেন। এই অনুষ্ঠান আরটিতে সম্প্রচার করা হবে। উইকিলিকসে গত মঙ্গলবার প্রকাশিত এক বার্তায় এ ধরনের টক শো করার ঘোষণা দেন অ্যাসাঞ্জ। তিনি বলেন, কেব্ল, স্যাটেলাইট ও টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের মাধ্যমে এই টক শো সম্প্রচারের অনুমতি নেওয়া হয়েছে। তবে অ্যাসাঞ্জের টক শো কখন যাত্রা শুরু করবে, কারা হচ্ছেন এর অতিথি—এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এএফপি।