অ্যাসাঞ্জের পাহারায় দৈনিক ব্যয় ১১ হাজার পাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের পাহারায় যুক্তরাজ্য সরকারকে প্রতিদিন ১১ হাজার পাউন্ড খরচ করতে হচ্ছে। লন্ডনের পুলিশ বিভাগ স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, এ খরচ আরও বাড়তে পারে।লন্ডনে ইকুয়েডর দূতাবাস এলাকায় পুলিশি প্রহরায় গত ২০ জুন থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় ছিল নয় লাখ পাঁচ হাজার পাউন্ড। এ তথ্য নিশ্চিত করেছেন লন্ডনের মেয়র বরিস জনসন। ব্যয়বহুল এই প্রহরা বন্ধ রাখার জন্য সমালোচকেরা স্কটল্যান্ড ইয়ার্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। সুইডেনে প্রত্যর্পণ এড়াতে ইকুয়েডর দূতাবাসে বর্তমানে আশ্রিত রয়েছেন অ্যাসাঞ্জ। যৌন হয়রানির অভিযোগে সুইডেনে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। পশ্চিম লন্ডনের নাইটস ব্রিজ এলাকায় অবস্থিত ইকুয়েডর দূতাবাসের চারপাশে স্কটল্যান্ড ইয়ার্ডের সার্বক্ষণিক প্রহরা অব্যাহত রয়েছে। অ্যাসাঞ্জ বাইরে বেরোলেই তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি সরকারের নির্দেশ রয়েছে।ইকুয়েডর সরকার দেশটিতে অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর করেছে। পিটিআই।