অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হতে পারে
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হতে পারে। দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে গতকাল মঙ্গলবার এ কথা প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, উইকিলিকস এসব গোপন তথ্য প্রকাশ করে ফৌজদারি আইন লঙ্ঘন করেছে। মার্কিন কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তদন্তকাজের নেতৃত্ব দিচ্ছে পেন্টাগন। তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তবে তদন্তের ব্যাপারে আমরা এখনো কিছু বলার মতো অবস্থায় পৌঁছাতে পারিনি।’ অ্যাসাঞ্জের (৩৯) বিরুদ্ধে সুইডেনে দুই নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অ্যাসাঞ্জ অবশ্য তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন, ইরাক ও আফগান যুদ্ধের গোপন নথি প্রকাশ করায় তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এএফপি, পিটিআই অনলাইন।