অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্য করে এর নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণ প্রশ্নে যুক্তরাজ্য দ্বিমুখী নীতি নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।পুতিন গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন নিউজ সার্ভিস রাশিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ‘যুক্তরাজ্যের বিচার বিভাগ অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। কিন্তু এটা কী? এটা স্পষ্ট যে এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের দ্বিমুখী নীতির প্রকাশ।’ পুতিন বলেন, ‘আমি যত দূর জানি, ইকুয়েডর সুইডেনের কাছ থেকে এমন নিশ্চয়তা চেয়েছে যে অ্যাসাঞ্জ সুইডেনে গেলেও তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে না। কিন্তু ইকুয়েডর এমন কোনো নিশ্চয়তা পায়নি।’ রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘সুইডেনের এ আচরণ এই বার্তা দেয় যে অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে মামলা রয়েছে। সুইডেনে প্রত্যর্পণ এড়াতে অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের আদালতে গেলে আদালত তাঁকে সুইডেনে পাঠানোর পক্ষেই রায় দেন। পরে গ্রেপ্তার ও প্রত্যর্পণ এড়াতে তিনি গত ১৯ জুন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। এএফপি।