অ্যাসাঞ্জের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইকুয়েডর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গোপন নথি প্রকাশ করে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় প্রার্থনার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি ইকুয়েডর। দেশটি তার নিজস্ব সময়ে নিজের মতো করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া এ কথা বলেছেন।অ্যাসাঞ্জ গত ১৯ জুন থেকেই লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন। ওই দিন তিনি সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। সুইডেনে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে মামলায় হাজিরা দেওয়া এড়াতে তিনি এই পদক্ষেপ নেন। অ্যাসাঞ্জের ভয়, তাঁকে সুইডেনে প্রত্যাবাসন করা হলে দেশটি তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। লাখ লাখ গোপন মার্কিন নথি ফাঁস করায় দেশটি তাঁর ওপর ক্ষিপ্ত রয়েছে।ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া গত মঙ্গলবার বলেন, ইকুয়েডর নিজের মতো করে তার সিদ্ধান্ত গ্রহণ করবে। বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের বরাত দিয়ে রাষ্ট্রীয় এল-সিওদাদানো ওয়েবসাইটে প্রেসিডেন্ট কোরেয়ার এই বক্তব্য প্রকাশ করা হয়েছে। সিওদাদানো জানায়, সাক্ষাৎকারে কোরেয়া উল্লেখ করেন, ‘রাজনৈতিক অপরাধ’ করলে তার জন্য যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বিষয়টি একটা গুরুত্বপূর্ণ যুক্তি হতে পারে। তিনি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ভয়ে ভীত নন বলেও জোর দিয়ে বলেছেন কোরেয়া। সিএনএন।