উইকিলিকসের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে তাঁর নিজের দেশ অস্ট্রেলিয়ার নাগরিক সমাজ। সে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে গতকাল শুক্রবার শত শত লোক বিক্ষোভ শোভাযাত্রা করে সরকারকে অ্যাসাঞ্জের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন অ্যাসাঞ্জের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা অ্যাসাঞ্জের গ্রেপ্তারের নিন্দা প্রকাশ করেছেন। অন্যদিকে উইকিলিকস-সমর্থকেরা তাদের ‘সাইবারযুদ্ধ’ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ভিসা ও মাস্টারকার্ডে হামলার পর নতুন নতুন লক্ষ্যস্থলে হামলা করা হবে বলে ঘোষণা দিয়েছে তারা। অস্ট্রেলিয়ায় অ্যাসাঞ্জ-সমর্থকেরা ‘গেট আপ!’ নামের একটি প্রচারণা দল গঠন করে গতকাল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ শোভাযাত্রা করেছে। ‘গেট আপ!’ বলেছে, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে থাকা ৫০ হাজারের বেশি লোকের স্বাক্ষর নিয়ে একটি দাবিপত্র তৈরি করেছে। মার্কিন সংবাদপত্রগুলোতে ওই দাবিপত্র বিজ্ঞাপন আকারে ছাপানোর জন্য তারা ইতিমধ্যে চাঁদা হিসেবে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড উইকিলিকসের মার্কিন তথ্য ফাঁসের বিষয়কে অবৈধ বলে যে মন্তব্য করেছেন, বিক্ষোভকারীরা তার তীব্র সমালোচনা করেছে। সিডনির সেন্ট্রাল টাউন হলের সামনে চার শতাধিক বিক্ষোভকারী গতকাল গিলার্ডের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা শোভাযাত্রা করে সরকারকে অ্যাসাঞ্জের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানায়। ‘গেট আপ!’ বলেছে, মার্কিন গোপন নথি প্রকাশ করে দেওয়ায় অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। ভ্লাদিমির পুতিন এবং লুলা ডি সিলভা অ্যাসাঞ্জের গ্রেপ্তারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুতিন বলেছেন, “মিস্টার অ্যাসাঞ্জকে কেন জেলে পুরে রাখা হয়েছে? এটাই কি গণতন্ত্র?’ পুতিন বলেন, ‘আমি আমার আমেরিকান সতীর্থদের ছুড়ে দেওয়া বল আবার তাদের দিকে ফেরত পাঠাতে চাই।’উইকিলিকসের প্রকাশিত বেশ কিছু নথি পুতিনের জন্যও বিব্রতকর হয়েছে। একটি নথিতে দেখা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পুতিনকে পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়া অনুঘটক হিসেবে আখ্যায়িত করেছেন। অন্য একটি নথিতে তাঁকে ‘আলফা ডগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব কিছুর পরও পুতিন অ্যাসাঞ্জের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। লুলা ডি সিলভা অন্যান্য দেশের সরকারপ্রধানেরা অ্যাসাঞ্জকে এখনো সমর্থন না করায় তিনি বিশ্বনেতাদের সমালোচনা করেছেন। লুলা বলেন, অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হলো, অথচ মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তিনি কোথাও উল্লেখ করার মতো একটি বিক্ষোভও হতে দেখলেন না। উইকিলিকস বলেছে, অ্যানোনিমাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা কাউকেই সাইবারযুদ্ধ চালাতে বলেনি। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইন।