অ্যাসাঞ্জের মৃত্যুদণ্ডের আশঙ্কা উড়িয়ে দিয়েছে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মৃত্যুদণ্ডের আশঙ্কা উড়িয়ে দিয়েছে যুক্তরাজ্য। সে দেশের পররাস্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, যুক্তরাষ্ট্রে পাঠানো হলে অ্যাসাঞ্জকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে—এ ধরনের আশঙ্কা ‘ভিত্তিহীন’। গতকাল মঙ্গলবার পার্লামেন্টে এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন। হেগ বলেন, কূটনৈতিক গোপন তারবার্তা ফাঁস করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অ্যাসাঞ্জকে তৃতীয় কোনো পক্ষের হাতে তুলে দেওয়ার আগে তাঁর মানবাধিকার সুরক্ষার বিষয়ে নিশ্চয়তা চাওয়া হবে। এ ব্যাপারে যুক্তরাজ্য ও সুইডেন সচেষ্ট। অ্যাসাঞ্জের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না—এমন প্রতিশ্রুতি পেলেই কেবল তৃতীয় কোনো পক্ষের কাছে তাঁকে সমর্পণ করা হবে। সুইডেনে প্রত্যর্পণ ঠেকাতে গত জুনে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। ইতিমধ্যে তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ইকুয়েডর। অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেনে প্রত্যর্পণ করা হলে পরে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। যদি তা-ই হয়, তা হলে ন্যায়বিচার পাবেন না তিনি। মার্কিন কূটনৈতিক গোপন নথি প্রকাশের জের ধরে তাঁকে প্রাণদণ্ড দেবে যুক্তরাষ্ট্র। ন্যায়বিচারের স্বার্থে অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণের পর তৃতীয় পক্ষের হাতে তুলে দেওয়া হবে না—এমন আশ্বাস চায় ইকুয়েডর। এ নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে দেশটির কূটনৈতিক টানাপোড়েন চলছে। এই সংকট নিরসনে ইকুয়েডরকে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হেগ। অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে দুই নারীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যাসাঞ্জ। সুইডিশ সরকারি কৌঁসুলিরা বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অংশ হিসেবেই অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণের চেষ্টা চলছে—এ দাবি ঠিক নয়। বিবিসি।