অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করবেন ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী

ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পানিতো উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে যাবেন। বিচারের জন্য সুইডেনের কাছে প্রত্যর্পণ এড়াতে জুলিয়ান অ্যাসাঞ্জ প্রায় এক বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন। অ্যাসাঞ্জের সঙ্গে এবারই প্রথম সাক্ষাৎ করতে যাচ্ছেন ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পানিতো। নিজ দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ইসিটিভিতে এক সাক্ষাৎকারে পানিতো বলেন, অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাৎকালে তিনি রাজনৈতিক আশ্রয়-সংক্রান্ত কাগজপত্র তাঁকে দেবেন। তিনি বলেন, ‘অ্যাসাঞ্জের সঙ্গে সাক্ষাৎ করে আমি এটাই বলতে চাই যে আমরা আপনার সঙ্গে আছি।’ ২০১২ সালের জুন থেকে জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। ২০১০ সালে উইকিলিকসের কাজে তিনি যখন স্টকহোমে অবস্থান করছিলেন, তখন তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ আনেন দুজন নারী। তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অ্যাসাঞ্জ। এএফপি।