সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধের প্রতি সমর্থন জানিয়ে ১০ হাজারের বেশি বার্তা পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দেশটির দূতাবাসে এসব বার্তা পাঠানো হয়। ইকুয়েডর কর্তৃপক্ষ গত মঙ্গলবার এ কথা ঘোষণা করেছে।ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার জন্য এবং তাঁর প্রতি সমর্থন জানিয়ে তারা এখন পর্যন্ত ১০ হাজারের বেশি ই-মেইল বার্তা পেয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সম্মত হতে হাজার হাজার মানুষ ইকুয়েডর সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বার্তা পাঠাচ্ছেন। তাঁরা কেন তাঁকে সমর্থন করেন, এর কারণও এসব বার্তায় লেখা হয়েছে।’সুইডেনে প্রত্যর্পণ এড়াতে অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ ১৯ জুন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। সেখান থেকে তিনি ইকুয়েডরের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। যৌন হয়রানির অভিযোগে সুইডেনে তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলছে। অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেনে প্রত্যর্পণ করা হলে দেশটি তাঁকে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। উইকিলিকসে যুক্তরাষ্ট্রের আড়াই লাখের বেশি গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁস করে দেওয়ায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ আনতে পারে। এএফপি।