অ্যাসিড দমাতে পারেনি লক্ষ্মীকে

‘আমার প্রিয় মুখটি তোমরা পুড়িয়ে দিয়েছিলে...তবু আমি জীবিত এবং বহাল তবিয়তে আছি।’
কথাগুলো বলছিলেন ভারতের ২৩ বছর বয়সী নারী লক্ষ্মী। আট বছর আগে অ্যাসিড হামলার শিকার হন তিনি। সম্প্রতি তিনি সংবাদভিত্তিক বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে উপস্থাপনার কাজ পেয়েছেন। সাহসিকতার স্বীকৃতি হিসেবে ৪ মার্চ এই নারীকে সম্মাননা দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ অ্যাওয়ার্ড গ্রহণ করতে যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের জীবনের সংগ্রাম, স্পৃহা ও সাহসিকতা দিয়ে সবাইকে মুগ্ধ করেছে লক্ষ্মী।
২০০৫ সালের ঘটনা। তখন লক্ষ্মীর বয়স মাত্র ১৬। অ্যাসিড হামলার শিকার হন তিনি। তাঁর সুন্দর মুখমণ্ডল ঝলসে যায়। একই সঙ্গে অঙ্গার হয় টেলিভিশনে তাঁর কাজ করার স্বপ্নও। এর মধ্যে তাঁর বাবা মারা যান। জীবনে নেমে আসে আরও বিপর্যয়। কিন্তু ভেঙে পড়েননি লক্ষ্মী। অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। ভারতে অ্যাসিডের সহজলভ্যতা প্রতিরোধে প্রচারে নামেন। গত বছর ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক আদেশে অ্যাসিড বিক্রি নিয়ন্ত্রণে দেশটির সরকারেকে নির্দেশ দেন।
টেলিভিশনে কাজ করার স্বপ্নটা লক্ষ্মীর অধরাই থেকে ছিল। গত বছরের ডিসেম্বরে হঠাত্ করে সংবাদভিত্তিক বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে উপস্থাপনার কাজ করার প্রস্তাব পান তিনি। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হয়েছে। ওই অনুষ্ঠানটির তিনটি পর্বের ধারণ ইতিমধ্যেই সফলভাবে শেষ হয়েছে। সাপ্তাহিকভাবে অনুষ্ঠানটি শিগগিরই প্রচারিত হওয়ার কথা।

লক্ষ্মীর মা জানান, কিশোরী বয়সে তাঁর মেয়েটি ঘণ্টার পর ঘণ্টা আয়নায় মুখ দেখত আর বলতে, টিভিতে কাজ করবে সে। কিন্তু প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০০৫ সালে একজন পুরুষ তাঁর ওপর অ্যাসিড ছোড়ে। অ্যাসিডে মুখমণ্ডলের পাশাপাশি টিভিতে কাজ করার স্বপ্নটাও ঝলসে যায়। তারপর শুরু হয় দুর্বিষহ জীবন। ধ্বংস স্তূপ থেকে একসময় উঠে আসতে সক্ষম হন লক্ষ্মী।
টিভিতে উপস্থাপনের কাজটাও ভালোভাবে করতে পারছেন বলে লক্ষ্মীর সহকর্মীরা জানিয়েছেন।
শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার ও নারীর সমতা প্রতিষ্ঠায় সাহসিকতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে অন্য নয়জন নারীর সঙ্গে লক্ষ্মীকে ৪ মার্চ সম্মাননা দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
নিজের জীবনের সংগ্রাম নিয়ে একটি কবিতা লিখেছেন লক্ষ্মী। কবিতার পঙিক্ততে পঙিক্ততে তিনি জানিয়ে দিয়েছেন নিজের সংগ্রাম ও জীবনের জয়গান: ‘তুমি আমার মুখমণ্ডলে অ্যাসিড ছোড়নি, ছুড়েছ আমার স্বপ্নে...সময় একদিন তোমার দুর্বহ হবে। তখন তুমি জানবে যে আমি বেঁচে আছি, মুক্ত ও সাফল্য অর্জন করছি এবং আমার স্বপ্ন বেঁচে আছে।’