অ্যাসিড হামলায় আটক কিশোরের বিরুদ্ধে ১৫ অভিযোগ

লন্ডনে অ্যাসিড নিক্ষেপকারী সন্দেহে আটক কিশোরের বিরুদ্ধে ১৫টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। গত বৃহস্পতিবার পূর্ব লন্ডনে মাত্র দেড় ঘণ্টায় পাঁচজনের ওপর অ্যাসিড ছোড়ার ঘটনার পর ওই সন্দেহভাজন কিশোরকে আটক করা হয়।
১৬ বছর বয়সী ওই কিশোরের বিরুদ্ধে যন্ত্রণাদায়ক শারীরিক ক্ষতি, ছুড়ে মারার উদ্দেশে দাহ্য পদার্থ বহন করা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, আজ সোমবার স্ট্রাটফোর্ডের যুব আদালতে ওই কিশোরকে হাজির করার কথা।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ওই অ্যাসিড-সন্ত্রাসের ঘটনায় আটক আরেক কিশোরের আগামী আগস্ট পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ড এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
অ্যাসিড-সন্ত্রাসের শিকার পাঁচ ব্যক্তিই জানান, দুজন মোটরসাইকেল আরোহী তাঁদের দিকে অ্যাসিড ছুড়ে মারে।
খাদ্য সরবরাহ প্রতিষ্ঠান উবারইটসের কর্মচারী জাভেদ হোসেইন ওই দিন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন। ওই ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, কাজ শেষে মোটরসাইকেলে করে হ্যাকনে রোড দিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ১০টা ২৫ মিনিটে দুজন মোটরসাইকেল আরোহী তাঁর ওপর অ্যাসিড ছোড়ে। তিনি বলেন, ‘প্রথমে আমি বুঝতেই পারছিলাম না—কী ঘটেছে। হঠাৎ টের পেলাম পুড়ে যাচ্ছি। তারা আবার আমার দিকে কিছু ছুড়ে মারতে চাইল। আমি সঙ্গে সঙ্গে আমার মোটরসাইকেল থেকে সরে একটা গাড়ির পেছনে লুকিয়ে গেলাম।’
হোসেইন বলেন, পরে তাঁর মোটরসাইকেলটি খোয়া যায়। আহত অবস্থায় অনেক গাড়ি থামানোর চেষ্টা করেন তিনি। গাড়িগুলোর জানালায় ধাক্কা দেন সাহায্যের জন্য। কিন্তু কেউ সাহায্যে এগিয়ে আসেনি। পরে এক নারী গাড়ি থামান এবং তাঁকে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ জানায়, ওই দিন রাত ১০টা ২৫ মিনিট থেকে রাত ১১টা ৪৭ মিনিটের মধ্যে এই অ্যাসিড নিক্ষেপের পাঁচটি ঘটনা ঘটে।