আংশিক কার্যক্রম চালু ব্রিটিশ এয়ারওয়েজের

আন্তর্জাতিক বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ গতকাল রোববার লন্ডনের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে কয়েকটি ফ্লাইট চালু করেছে। বৈশ্বিক কম্পিউটার ব্যবস্থা নষ্ট হওয়ায় সংস্থাটির যাত্রীসেবা কার্যক্রম একেবারে বন্ধ হয়ে পড়লে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন।
ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ গতকালের মধ্যেই প্রায় স্বাভাবিক কার্যক্রম চালুর আশা প্রকাশ করলেও লন্ডনের হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, সংস্থাটির আরও ফ্লাইট বিলম্বিত ও বাতিল হওয়ার আশঙ্কা রয়ে গেছে।
ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, ‘আমরা নিজেদের তথ্যপ্রযুক্তি (আইটি) ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য কঠোর চেষ্টা অব্যাহত রেখেছি। যাত্রীদের এমন সাংঘাতিক বিড়ম্বনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
সংস্থাটি ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথরো এবং গেটউইক থেকে শনিবার নিজেদের সব ফ্লাইট বাতিল করে। বিশ্বজুড়ে তাদের বিভিন্ন ফ্লাইটে সমস্যা দেখা দেয় এবং পর্যায়ক্রমে সংস্থাটির কল সেন্টার ও ওয়েবসাইটও নিষ্ক্রিয় হয়ে পড়ে।