আইএইএর সঙ্গে ইরানের আলোচনা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) আলোচনা ব্যর্থ হয়েছে। আইএইএর পর্যবেক্ষক দলকে সে দেশের সামরিক স্থাপনায় ঢোকার অনুমতি দেওয়া হয়নি। গতকাল আইএইএর এক বিবৃতিতে এসব কথা বলা হয়। তবে আইএইএতে নিযুক্ত ইরানের দূত আলী আসগর সোলতানি বলেন, পর্যবেক্ষক দলের সঙ্গে উৎসাহব্যঞ্জক পরিবেশে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতেই আলোচনা হয়েছে। ভবিষ্যতেও এই আলোচনা চলবে।আইএইএর এক বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে ইরানের সঙ্গে ঐকমত্যে পৌঁছা সম্ভব হয়নি। পর্যবেক্ষক দল ইরানের রাজধানী তেহরানে পারচিন সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি চেয়েছিল। কিন্তু ইরান সেখানে ঢোকার অনুমতি দেয়নি। সন্দেহ করা হয়, ওই স্থাপনায় ইরান বিভিন্ন ধরনের বিস্ফোরকের পরীক্ষা চালায়। এর আগে জানুয়ারির শেষ দিকেও ওই স্থাপনা পরিদর্শনের অনুমতি চেয়ে পায়নি আইএইএর পর্যবেক্ষক দল।আইএইএর মহাপরিচালক জেনারেল ইউকিয়া আমানো বলেন, ‘পর্যবেক্ষক দলকে পারচিন সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি না দেওয়ার বিষয়টি হতাশার। ইরান দুই দফায় আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।’ তিনি বলেন, ‘আমরা গঠনমূলক মানসিকতা নিয়ে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো ঐকমত্যে পৌঁছা সম্ভব হয়নি।’বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। আইএইএর পরবর্তী ইরান সফর নিয়েও কোনো কিছু উল্লেখ করা হয়নি।বেশ কয়েক বছর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক চলছে। বিতর্ক সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইরান এ কর্মসূচি চালাচ্ছে। তবে ইরান বারবার বলছে, শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্যই তারা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।আইএইএর পর্যবেক্ষক দলের ইরান সফরের উদ্দেশ্য ছিল পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক অবসানে সম্ভাব্য সব স্থাপনা পরিদর্শন করা। কিন্তু এতে বাধা দিল ইরান। এর ফলে সম্প্রতি ইরান যে পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতি আলোচনায় ফিরে আসার আভাস দিয়েছিল, তা এখন অনিশ্চিত হয়ে পড়ল।আন্তর্জাতিক বিশ্লেষক মার্ক হিবস বলেন, ইরানের ইতিবাচক আচরণ করার গুরুত্বপূর্ণ ও শেষ সুযোগ ছিল এটি। এএফপি, বিবিসি।