আইএএস পরীক্ষায় প্রথম হওয়া কাশ্মীরিকে সংবর্ধনা
ভারতে সরকারি চাকরি পাওয়ার সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) বা সিভিল সার্ভিসেস পরীক্ষায় প্রথমবারের মতো প্রথম স্থান অধিকার করা জম্মু ও কাশ্মীরের ফয়সল শাহকে সংবর্ধনা দিয়েছে একটি বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা। গত মঙ্গলবার মুম্বাইয়ের অঞ্জুমান-ই-ইসলাম স্কুলে এ সংবর্ধনা অনুষ্ঠানে ত উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেরা। ২৮ বছরের ফয়সল চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। পড়াশোনা শেষে তিনি চিকিৎসা পেশায় যোগ দেন। এ বছরের আইএএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি।সংবর্ধনা অনুষ্ঠানে কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা ফয়সল প্রথম আলোকে বলেন, ‘আজ বড্ড বেশি মনে পড়ছে আমার বাবা গুলাম রসুল শাহকে। আমার সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান তাঁর। ছোটবেলায় আমাকে তিনিই অঙ্ক ও ইংরেজি পড়াতেন। আজ আমি যা কিছু সেটা তাঁর জন্যই।’ফয়সল জানান, তাঁর বাবা এক জঙ্গিকে তাঁদের শ্রীনগরের বাড়িতে আশ্রয় দিতে অস্বীকার করায় ২০০২ সালে জঙ্গিরা তাঁকে গুলি করে মেরে ফেলে। ঘটনাটি ঘটে তাঁর চিকিৎসা বিষয়ে চূড়ান্ত পরীক্ষার তিন দিন আগে। তাঁর জীবনে এটাই সবচেয়ে বেদনাদায়ক দিন। স্মরণীয় দিন হিসেবে আইএএস পরীক্ষার ফল প্রকাশ ও ডাক্তারি পরীক্ষার ফল প্রকাশের দিনটিকে উল্লেখ করেন তিনি।