আইএমএফ-প্রধান পদের জন্য আবেদন ফরাসি অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান পদের জন্য আবেদন করেছেন ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্তিন লাগাদে। ইউরোপের বিভিন্ন দেশ ও সংস্থা এ পদটির জন্য তাঁকে সমর্থন দিচ্ছে বলে খবর বেরিয়েছে।ক্রিস্তিন লাগাদে গতকাল বুধবার প্যারিসে সাংবাদিকদের বলেছেন, ‘আমি আমার প্রার্থিতা দাখিলের সিদ্ধান্ত নিয়েছি।’ ‘অনেকের কাছ থেকে সমর্থন’ পাওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।ক্রিস্তিন আইএমএফের প্রধান নির্বাচিত হলে তিনিই হবেন সংস্থাটির প্রথম নারীপ্রধান।ইউরোপের একটি সূত্র গত শুক্রবার জানায়, ইউরোপীয় প্রার্থী হিসেবে ৫৫ বছরের ক্রিস্তিন প্রায় নিশ্চিত। যদিও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফ্রান্সে তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে।ইউরোপীয় কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারোসো এ পদটির জন্য ক্রিস্তিনের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেছেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ইকোনমিক অ্যাফেয়ার্স কমিশনার ওলি রেন বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রিস্তিনের অবস্থান নিয়ে কোনো সন্দেহ নেই।’নিউইয়র্কের একজন হোটেলকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সম্প্রতি জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আইএমএফের প্রধান স্ত্রস-কানকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে তিনি এ পদ থেকে সরে দাঁড়ান। এএফপি।