আইএমএফ-প্রধানের পদের তালিকায় দুজনের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক পদের সংক্ষিপ্ত তালিকায় দুজনের নাম এসেছে। তাঁরা হলেন ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্তিন লাগার্দে ও ব্যাংক অব মেক্সিকোর গভর্নর অগাস্টিন কারস্টেনস। গত মাসে আইএমএফের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন দমিনিক স্ত্রস কান। গত ১৮ মে নিউইয়র্কের টাইমস স্কয়ারের কাছে সোফিটেল হোটেলে এক নারী কর্মীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে কানের বিরুদ্ধে। এরপর তড়িঘড়ি করে হোটেল ছেড়ে জন এফ কেনেডি বিমানবন্দরে প্যারিসগামী একটি বিমানে উঠে পড়েন কান। বিমান ছাড়ার ১০ মিনিট আগে তাঁকে গ্রেপ্তার করে নিউইয়র্কের পুলিশ। তবে তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।আইএমএফের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ জুনের মধ্যে আইএমএফের প্রধান হিসেবে একজনকে চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। আইএমএফ জানায়, আইএমএফের নির্বাহী পর্ষদ ওয়াশিংটন ডিসিতে ওই দুজনের সঙ্গে বৈঠক করবে। পরে নির্বাহী পর্ষদের সদস্যরা আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।দুজনের মধ্যে ক্রিস্তিন এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মিসর, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সমর্থন পেয়েছেন তিনি। তবে অগাস্টিন কারস্টেনস লাতিন আমেরিকার দেশগুলোর সমর্থন পেয়েছেন। বিবিসি।