আইএমএফের নয়া প্রধানের সামনে অনেক চ্যালেঞ্জ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্তিন লাগার্দ যখন আগামী মাসে আনুষ্ঠানিকভাবে সংস্থাটির দায়িত্ব গ্রহণ করবেন, তখন তাঁকে গ্রিসের চলমান অর্থনৈতিক সংকটসহ অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাঁকে অবশ্যই গ্রিসের দিকে বেশি মনোযোগ দিতে হবে। গতকাল বিশ্বের পত্রপত্রিকায় এমন মন্তব্য করা হয়।গত মঙ্গলবার ওয়াশিংটনে আইএমএফের নতুন প্রধান হিসেবে ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্তিন লাগার্দের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন এলাকার একটি হোটেলের একজন নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তারের পর গত ১৮ মে আইএমএফের সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কান তাঁর পদ থেকে সরে দাঁড়ান। ফ্রান্সের নাগরিক স্ত্রস-কান ২০০৭ সাল থেকে আইএমএফের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হলেন লাগার্দ। আগামী ৫ জুলাই পাঁচ বছরের জন্য আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন লাগার্দ। সংস্থাটির ইতিহাসে তিনিই হলেন প্রথম নারীপ্রধান।ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির কার্যালয় থেকে এ ঘটনাকে ‘ফ্রান্সের বিজয়’ বলে অভিহিত করা হয়েছে। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন বলেছেন, ‘বিশ্ব অর্থনীতির জন্য এটি একটি সুংবাদ’। দুই সন্তানের জননী লাগার্দ (৫৫) ফ্রান্সে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নিজ দেশে তিনি শ্রদ্ধার পাত্রী। তাঁকে বেশ সমীহ করা হয়। কারণ, অন্তত তিন বছর ধরে ইউরোপজুড়ে অর্থনৈতিক সংকট চলাকালে তিনি নিজ দেশের অর্থনীতির হাল শক্ত হাতে ধরেছেন। নেতৃত্ব দিয়ে ফ্রান্সের অর্থনীতিকে একটা সুদৃঢ় অবস্থানে এনেছেন তিনি।জাপানের পত্রিকা নিক্বেই বলেছে, উন্নয়নশীল ও অর্থনৈতিক মন্দাক্রান্ত দেশগুলো আইএমএফের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। লাগার্দের কাজ হবে তাদের প্রত্যাশা পূরণ করা।স্পেনের রক্ষণশীল পত্রিকা লা মঁদে বলেছে, লাগার্দকে প্রথমে গ্রিস ও ইউরোজোনকে রক্ষা করতে হবে। তাঁকে একই সঙ্গে এমন পদক্ষেপ নিতে হবে, যাতে বোঝা যায় যে তিনি উন্নয়নশীল দেশগুলোকে অবহেলা করছেন না।স্পেনের এল পাইস পত্রিকা বলেছে, ফ্রান্সের অর্থনীতির হাল তিনি যেমন শক্তভাবে ধরেছেন, তেমন শক্ত হাতে তিনি বিশ্ব অর্থনীতির হাল ধরুন, এটাই এখন সবার প্রত্যাশা।আইএমএফের ২৪ জন নির্বাহী পরিচালকের ভোটে নয়, বরং মতৈক্যের ভিত্তিতে ক্রিস্তিন লাগার্দকে গত মঙ্গলবার সংস্থাটির প্রধান মনোনীত করা হয়। ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত চুক্তির বদৌলতে ১৯৪৬ সাল থেকে ইউরোপের কোনো না কোনো দেশ থেকে আইএমএফের প্রধান নির্বাচিত হয়ে আসছেন। আইএমএফের প্রধান নির্বাচনের এ প্রক্রিয়ার সমালোচনা করে অক্সফামের ফ্রান্সের পরিচালক লাক ল্যামপ্রাইয়ের বলেন, এ প্রক্রিয়া আইএমএফের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকেরা মনে করছেন, আইএমএফের নতুন প্রধান হিসেবে লাগার্দকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে রয়েছে, সংস্থাটির ভাবমূর্তি উদ্ধার ও গ্রিসের বর্তমান সংকট মোকাবিলা।’ আইএমএফের প্রধান হিসেবে নাম ঘোষণার পরপরই গত মঙ্গলবার লাগার্দ গ্রিসকে দ্রুত ব্যয়সংকোচন নীতি অনুমোদন করার চাপ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে দেশটির ঋণ পাওয়া এর ওপরই নির্ভর করছে। লাগার্দ বলেন, ‘গ্রিসের প্রতি আমার যদি কোনো বার্তা থাকে তা হলো, জাতীয় স্বার্থে দেশটির বিরোধী দলের উচিত ব্যয়সংকোচন নীতিতে ক্ষমতাসীনদের সমর্থন করা।’ এএফপি ও বিবিসি।