আইএমএফের প্রণোদনার খবর নাকচ স্পেনের
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে প্রণোদনা প্যাকেজ গ্রহণ নিয়ে আলোচনার খবরকে গুজব অভিহিত করে নাকচ করে দিলেন স্পেনের অর্থমন্ত্রী লুইস ডি গুইনদোস। গ্রিসসহ ইউরো অঞ্চলের যেসব দেশে ঋণের প্রয়োজন পড়েছে আইএমএফ তাদের সবাইকে এ ধরনের সহায়তা প্যাকেজ দিচ্ছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট মারিও দ্রাঘি ইউরো অঞ্চলের বর্তমান অবস্থানকে ‘দুর্বল’ বলে আখ্যায়িত করেছেন।স্পেনের উপপ্রধানমন্ত্রী সম্প্রতি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগাদের সঙ্গে দেখা করেন। এরপর গুজব ছড়ায়, স্পেনও আইএমএফের কাছ থেকে প্রণোদনা নিচ্ছে। এ ব্যাপারে স্পেনের অর্থমন্ত্রী লুইস ডি গুইনদোস স্প্যানিশ টেলিভিশনকে বলেছেন, ‘এ ধরনের গুজব অর্থহীন। আমি এগুলোকে পাত্তাই দিই না।’স্পেনের ব্যাংকগুলোর প্রচণ্ড আমানত ঘাটতি দেখা দিয়েছে। দেশটির চতুর্থ সর্ববৃহৎ ব্যাংক ‘ব্যাংকিয়া’ মাদ্রিদের কাছে সম্প্রতি আরও এক হাজার ৯০০ কোটি ইউরো (দেড় হাজার কোটি পাউন্ড) ঋণ চেয়েছে। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, স্পেন সরকার এই বোঝা বহন করতে পারবে কি না? বিবিসি।