আইএস অনুপ্রাণিত নাকি নির্দেশিত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালিদ মাসুদ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজে থেকে, না কোনো গোষ্ঠীর সুনির্দিষ্ট নির্দেশে লন্ডনে সন্ত্রাসী হামলা চালিয়েছেন—এ প্রশ্ন ঘিরেই এখন পুলিশের তদন্ত চলছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে ৭ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। ৩২ ও ৩৯ বছর বয়সী দুই নারীকে মার্চের ৩০ তারিখ পর্যন্ত জামিনে ছাড়া হয়েছে। আর অবশিষ্ট দুজন গতকাল শনিবার পর্যন্ত আটক ছিলেন। মোট ২১টি অবস্থানে অভিযান চালিয়ে ২ হাজার ৭০০ আলামত জব্দ করে পুলিশ। এর বেশির ভাগই কম্পিউটার তথ্য-উপাত্ত। হামলার দুই মিনিট আগে হামলাকারীর মোবাইল ফোন থেকে একটি বার্তা পাঠানো হয় বলে পুলিশের ধারণা। খালিদ মাসুদ বার্তা গোপন রাখার অ্যাপ ব্যবহার করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বুধবারের হামলাকারী খালিদের নাম জন্মের সময় ছিল অ্যাড্রিয়ান এলমস। বয়স ৪০ পার হওয়ার পর অ্যাড্রিয়ান ইসলাম গ্রহণ করেছেন বলে ধারণা। চল্লিশোর্ধ্ব একজন কীভাবে রাতারাতি উগ্রবাদী হয়ে উঠতে পারেন, সেটিও পুলিশের সামনে বড় প্রশ্ন।
এদিকে সৌদি আরব নিশ্চিত করেছে, হামলাকারী খালিদ ২০০৫ ও ২০০৯ সালে সে দেশে ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করেছেন।