যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গত বৃহস্পতিবার দেওয়া বিশ্বনেতাদের ভাষণে ইউক্রেন, আইএস এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে। এ ছাড়া জাতিসংঘ সনদকে অক্ষুণ্ন রেখে টেকসই উন্নয়ন বাস্তবায়নেরও তাগিদ দেওয়া হয়েছে। খবর জাতিসংঘের ওয়েবসাইটের।
ইউরোপীয় নেতারা ইউক্রেনে রাশিয়ার ‘আগ্রাসন’ এবং মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের নৃশংসতার মতো ঘটনার কারণে ২০১৪ সালকে একটি ভয়াবহ বছর আখ্যা দিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
নেতাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট হারমান ফন রম্পুই, ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি, লাটভিয়ার প্রেসিডেন্ট আন্দ্রিস বারজিনস, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গ বৃহস্পতিবার সাধারণ পরিষদে বক্তব্য দেন।
দক্ষিণ সুদানে শোচনীয় মানবিক পরিস্থিতির কারণে দেশটির নেতাদের দায়ী করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। তিনি ওই নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারাই ক্ষত তৈরি করেছেন, যার কারণে মানুষের এত ভোগান্তি হচ্ছে। এখন সেগুলো সারিয়ে তুলুন।’
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ আরব দেশগুলোকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, বিশ্বের দেশগুলো সমন্বিতভাবে অভিন্ন মানবতার সেবায় কাজ করতে পারে। সন্ত্রাসবাদ, আগ্রাসন এবং রোগের বিস্তারের মধ্যেও তাঁর দেশ আলোর দিশারি হতে চায়। বিশ্বকে আরও সুন্দর করে তুলতে হলে বিদ্যমান বিভিন্ন সমস্যার প্রতি বাস্তবসম্মত সাড়া দিতে হবে।
পেরুর প্রেসিডেন্ট অয়ান্তা উমালা বলেছেন, শান্তি, নিরাপত্তা এবং মানবাধিকারের মতো জাতিসংঘ সনদের মূলনীতিগুলো অটুট রেখেই টেকসই উন্নয়ন বাস্তবায়ন করতে হবে।