
পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক ও জিয়ো টেলিভিশনের নির্বাহী সম্পাদক হামিদ মির তাঁর ওপর হামলার জন্য আবারও দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সকে (আইএসআই) দায়ী করেছেন। গত শনিবার বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ‘আইএসআইয়ের মধ্যে থাকা আইএসআই আমার ওপর হামলার মূল পরিকল্পনা করেছে।’
করাচিতে গত সপ্তাহে হামলার শিকার হওয়ার পর এই প্রথম সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বললেন হামিদ মির। গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ভাই আমির মিরের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতেও হামলার পেছনে আইএসআইয়ের হাত রয়েছে বলে অভিযোগ করেন প্রখ্যাত এই সাংবাদিক।
বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে হামিদ মির বলেন, তাঁকে আবারও দেশছাড়ার হুমকি দেওয়া হয়েছে। যারা তাঁর ওপর হামলা চালিয়েছে, তারাই এখন হুমকি দিচ্ছে। কারা হুমকি দিচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকেই বন্ধুবেশে আমাকে দেখতে হাসপাতালে আসছে। তারা যাওয়ার সময় শত্রুদের হুমকির সেই বার্তা দিয়ে যায়।’ তিনি আরও বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সরকার তালেবানের সঙ্গে সম্পৃক্ত যে জিহাদি গোষ্ঠীগুলোকে নিষিদ্ধ করেছে, সেই গোষ্ঠীগুলোই এখন আইএসআইয়ের পক্ষে বিক্ষোভ করছে।
হামিদ মির প্রশ্ন তোলেন, ‘আমার বিপক্ষে ও আইএসআইয়ের পক্ষে বিক্ষোভকারী এই গোষ্ঠীগুলো কারা? তারা কি আইএসআইয়ের মধ্যে থাকা আইএসআই নয়?’
হামিদ মির বলেন, ‘যারা সাংবাদিকদের গতিবিধির ওপর নজর রাখে, সাংবাদিকদের ফোনকলে আড়ি পাতে, তারাই আমার ওপর হামলার জন্য দায়ী। তারা জানে, কোন ফ্লাইটে আমি করাচি পৌঁছাব, বিমানবন্দর থেকে কোন গাড়িতে করে বেরিয়ে যাব এবং কোন জায়গায় হামলা চালানো সুবিধাজনক হবে।’ তিনি আরও বলেন, ‘আমার ওপর হামলা চালানোর জন্য এমন জায়গা বেছে নেওয়া হলো, যেখানে গোপন ক্যামেরা (সিসিটিভি) কার্যকর ছিল না।’ ডন।