আইএসআই কর্মকর্তা ওসামার অবস্থান সম্পর্কে তথ্য দেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার (আইএসআই) একজন কর্নেল অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের অবস্থানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়ে সাহায্য করেছেন। মার্কিন সাংবাদিক রিচার্ড মিনিটার তাঁর লেখা নতুন এক বইয়ে এমনটা দাবি করেছেন। তিনি এ-ও দাবি করেন, অ্যাবোটাবাদের অভিযানের ব্যাপারে পাঁচ মাস আগেই পাকিস্তানের সেনাবাহিনী প্রধানকে জানানো হয়েছিল।লিডিং ফ্রম বিহাইন্ড: দ্য রিলাকট্যান্ট প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভিজিটরস হু ডিসাইড ফর হিম নামের বইটিতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ধারণার চেয়েও অ্যাবোটাবাদ অভিযানে পাকিস্তানের ভূমিকা ছিল বেশি।বইটিতে উল্লেখ করা হয়, ২০১০ সালের আগস্টে আইএসআইয়ের কর্মকর্তা সিআইয়ের ইসলামাবাদ কার্যালয়ে যান এবং আল-কায়েদার নেতা লাদেনের অবস্থানের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দেন। আর এর মাধ্যমে এটাই কি প্রমাণিত হয় না, আইএসআইয়ের প্রধান নিজেই লাদেনের অবস্থানের ব্যাপারে তথ্য দিয়েছেন? অথবা ওই কর্নেল হলেন প্রকৃত দেশপ্রেমিক, যিনি জঙ্গিবাদকে ঘৃণা করেন। তবে যেটাই ঘটুক ওই কর্নেলের সিআইয়ের ইসলামাবাদের কার্যালয়ে যাওয়ার এক মাসের মধ্যেই মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা লাদেনের অবস্থান খুঁজে পান। ২০১১ সালের মে মাসে অ্যাবোটাবাদে মার্কিন সেনাবাহিনীর এক অভিযানে লাদেন নিহত হন।ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের সাবেক এই সাংবাদিক উল্লেখ করেন, অ্যাবোটাবাদ অভিযানের ব্যাপারে মার্কিন কর্তৃপক্ষ পাঁচ মাস আগে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানিকে জানিয়েছেন। তবে রিচার্ড একই সঙ্গে এ-ও দাবি করেন, ২০১১ সালের ১৪ মার্চ এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিদ্ধান্ত নেন, যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা পাকিস্তান যেন জানতে না পারে। ডন।