আইএসআই থেকে পাশার বিদায়ে যুক্তরাষ্ট্র স্বস্তিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদ সুজা পাশা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধানের পদ থেকে অবসরে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যমের খবরে এ দাবি করা হয়েছে। লে. জেনারেল পাশার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক খারাপ যাচ্ছিল। সুজা পাশাকে অবসর দিয়ে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী পরিচালিত গোয়েন্দা সংস্থাটির প্রধান হিসেবে সমপ্রতি নিয়োগ দেওয়া হয়েছে লে. জেনারেল জহির-উল ইসলামকে। এই রদবদল যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের শিরোনাম হয়েছে। সাধারণত রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, ইসরায়েল বা এ ধরনের প্রভাবশালী দেশগুলোর গোয়েন্দা সংস্থার প্রধান পদে রদবদল হওয়া নিয়ে মার্কিন গণমাধ্যমের তেমন কোনো মাথাব্যথা দেখা যায় না। তবে পশ্চিমাদের কাছে ‘সন্ত্রাসবাদের আখড়া’ হিসেবে পরিচিত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদর দপ্তর আবপারায় এ রদবদলের ঘটনা মার্কিন গণমাধ্যমের দৃষ্টি কেড়েছে।এমনকি এ ঘটনা নিয়ে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে বলে জানা গেছে। আইএসআইয়ের নতুন প্রধান হিসেবে লে. জেনারেল জহির-উল ইসলামকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত পাকিস্তান-মার্কিন সম্পর্কে কোনো পরিবর্তন আনবে কি না, এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘আমি ব্যক্তি হিসেবে তাঁর বিষয়ে কিছু বলতে পারি না। এটা একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে আরেকটি গোয়েন্দা সংস্থার সম্পর্কের ব্যাপার। ’ হোয়াইট হাউসের কর্মকর্তারাও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। টাইমস অব ইন্ডিয়া।