আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনকে হত্যার লক্ষ্যে ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে গোপন অভিযান সম্পর্কে পাকিস্তানকে না জানানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল যুক্তরাষ্ট্র৷ কারণ, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে আল-কায়েদা ও তালেবানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে—যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য ছিল৷
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্মৃতিকথা হার্ড চয়েসেস শীর্ষক বইয়ে এসব কথা বলা হয়েছে৷ স্মৃতিকথাটি গতকাল মঙ্গলবার বাজারে এসেছে৷ খবর পিটিআইয়ের৷
বইয়ে হিলারি লিখেছেন, মার্কিন প্রেিসডেন্ট বারাক ওবামা, প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অ্যাবোটাবাদের অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল৷ ৬৬ বছর বয়সী হিলারি লেখেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কে অনেক সমস্যা দেখা দিয়েছিল৷ পাকিস্তানি সামরিক বাহিনী সব সময়ই আকস্মিক ভারতীয় আক্রমণের আশঙ্কায় থাকে৷ তারা নিজেদের আকাশসীমায় কোনো গোপন অভিযানের কথা জানতে পারলে সশস্ত্র জবাব দিতে পারত৷ তাই পাকিস্তানকে আগে জানানো উচিত হবে কি না, সেটা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক হয়েছে৷ অভিযানের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল৷’
হিলারি আরও লিখেছেন, তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অনেক সময় ও শ্রম দিয়েছেন৷ তিনি জানতেন, অভিযানের ব্যাপারটি গোপন রাখলে ইসলামাবাদ কতটা অসন্তুষ্ট হবে৷ তিনি এটাও জানতেন, আইএসআইয়ের সঙ্গে তালেবান, আল-কায়েদা ও অন্য জঙ্গিদের যোগসাজশ ছিল৷