আইএসআইয়ের এত পোস্টার কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ঘুরলে একটা হঠাত্ পরিবর্তন নজরে পড়বে। ব্যানার-পোস্টারে শহর ছেয়ে গেছে। রাজনৈতিক প্রচারের আবহ।
মনে হবে, সামনে বুঝি বড় কোনো নির্বাচন! আসলে তা নয়। এটা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) প্রচারণা।
ব্যানার-পোস্টারগুলো রাজনৈতিক নয়। এতে থাকা বড় আকারের ছবির ব্যক্তিটিও রাজনীতিবিদ নন। আইএসআইয়ের প্রধান তিনি। সংস্থাটির
প্রচার ও প্রশংসার লক্ষ্যে এ আয়োজন।
আইএসআই পাকিস্তানের প্রভাবশালী সংস্থা হিসেবে পরিচিত। সরকার, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সামরিক-বেসামরিকসহ পাকিস্তানের
গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত ও নীতিনির্ধারণে এই সংস্থার ভূমিকার কথা সবার জানা। তাহলে প্রশ্ন জাগে, এ সংস্থাটির প্রচার ও প্রশংসার জন্য এত
ঘটার কেন প্রয়োজন পড়ল? গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর মেলে।
সম্প্রতি পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক ও জিয়ো টিভির নির্বাহী সম্পাদক হামিদ মিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিনি এখন
চিকিত্সাধীন।
এ হামলার জন্য আইএসআইকে দায়ী করেছে জং মিডিয়া গোষ্ঠীর জিয়ো টিভি ও চ্যানেলটির জনপ্রিয় টক শো উপস্থাপক হামিদ মির।
অভিযোগ অস্বীকার করেছে আইএসআই। একই সঙ্গে ঘটনার পর জিয়ো টিভির বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ও আইএসআইয়ের ভাবমূর্তি নষ্টের
অভিযোগ আনা হয়েছে। চ্যানেলটিকে শায়েস্তা করতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে সংস্থাটি।
এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ও আইএসআইয়ের প্রচার ও প্রশংসার ব্যানার-পোস্টারে ইসলামাবাদ ছেয়ে যায়। এতে সেনাপ্রধান রাহেল শরিফ ও
আইএসআইয়ের প্রধান লে. জেনারেল জাহেরুল ইসলামের বিরাট মুখচ্ছবি স্থান পেয়েছে। লেখা আছে, ‘আমরা পাকিস্তান সেনাবাহিনী ও
আইএসআইকে ভালোবাসি। তাদের অপবাদ দেওয়ার নিন্দা জানাই।’
এ ঘটনাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী রাজপথেও নেমেছে। তারা হামিদ মিরের ছবি পুড়িয়েছে। সেনাবাহিনী ও আইএসআইয়ের প্রতি সমর্থন ও
ভালোবাসা ব্যক্ত করেছে।
আইএসআইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও সংস্থাটির বিরুদ্ধে সাংবাদিক হত্যা, অপহরণ, নির্যাতন ও হুমকির
অভিযোগ ওঠে। গণমাধ্যম নিয়ন্ত্রণেরও অভিযোগ রয়েছে প্রভাবশালী এ সংস্থাটির বিরুদ্ধে।