আইএসআইয়ের নতুন প্রধানের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর নবনিযুক্ত প্রধান লেফটেন্যান্ট জেনারেল জহির উল-ইসলামের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র গত মঙ্গলবার এ কথা বলেন।পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে আমরা মুখিয়ে আছি। আমরা মনে করি, আফগানিস্তানে মার্কিন অভিযান ও সংশ্লিষ্ট অঞ্চলের জন্য এই সম্পর্কটি বেশ গুরুত্বপূর্ণ। তবে আইএসআইয়ের প্রধান পদে এই নতুন নিয়োগের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কিছু বলার নেই। এটি একান্তই পাকিস্তানের বেসামরিক নেতৃত্বের সিদ্ধান্ত।’আইএসআইয়ের নতুন প্রধান হিসেবে আগামী রোববার দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল জহির উল-ইসলাম। তিনি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশার স্থলাভিষিক্ত হবেন। জেনারেল পাশার আমলে পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়। পিটিআই।