মানহানির অভিযোগে পাকিস্তানের অান্তগোয়েন্দা সংস্থা বা আইএসআইয়ের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল জিয়ো নিউজ৷ অন্যদিকে, চ্যানেলটির লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে৷ খবর ডনের৷
পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলারিটি অথরিটি বা পামরা গতকাল শুক্রবার জিয়ো নিউজের লাইসেন্স স্থগিতের বিষয়টি ঘোষণা করে৷ ঘোষণার পরপরই এটি কার্যকর হয়েছে৷ এ ছাড়া ওই চ্যানেলকে এক কোটি রুপি জরিমানা পরিশোধ করতে বলা হয়েছে৷
পামরার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে চ্যানেলটির লাইসেন্স স্থগিত করা হয়েছে৷
গত এপ্রিলে গুলিতে আহত হন জিয়ো নিউজের নির্বাহী সম্পাদক হামিদ মির৷ এ ঘটনার পেছনে আইএসআইয়ের হাত আছে বলে অভিযোগ করেন তাঁর ভাই আমির মির৷ তাঁর ওই অভিযোগ প্রচারের জন্য জিয়ো নিউজের লাইসেন্স বাতিলের দাবি জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়৷
গতকাল জিয়ো নিউজের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রবিরোধী বলার কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আইএসআই, ও পামরাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে৷ প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য তাঁদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে৷ একই সঙ্গে মানহানির ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি মার্কিন ডলার দাবি করা হয়েছে৷