আইএসকে পরাজিত করার কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস‍) হাতে ১০ মাস বন্দী ছিলেন ফরাসি সাংবাদিক নিকোলা হেনিন। আইএসকে পরাজিত করতে হলে সিরিয়ায় বিমান হামলা বন্ধ করতে হবে বলে স্পষ্ট মত দিয়েছেন তিনি। 

হেনিনের মতে, আইএস যুক্তরাজ্য ও অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর জন্য সিরিয়ায় ‘ফাঁদ’ পেতেছে। তাই সংগঠনটিকে পরাজিত করতে হলে নতুন কৌশল নিতে হবে। সেই কৌশলও বাতলে দিয়েছেন তিনি। বলেছেন, সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ‘নো ফ্লাই জোন’ (বিমান-উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল) গড়ে তুলতে হবে। মন জয় করতে হবে স্থানীয় লোকজনের।
সিরিয়ার বর্তমান সরকার ও আইএসের বিপক্ষে প্রচারণা চালানো ওয়েবসাইট ‘দ্য সিরিয়ান ক্যাম্পেইন’-এর সঙ্গে সাক্ষাৎকারে নিকোলা হেনিন এই মতামত দেন।
হেনিন কিছুদিন আগে তাঁর বন্দী জীবনের বর্ণনা দেন। তাঁকে কড়া পাহারায় রাখা আইএস সদস্যদের মধ্যে ‘জিহাদি জন’ নামে বহুল পরিচিত যুক্তরাজ্যের নাগরিক মোহাম্মদ এমওয়াজিও ছিলেন। এই এমওয়াজিসহ আইএসের সদস্যরা তাঁকে কী ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন, সেটা তুলে ধরেছিলেন তিনি। হেনিন বলেন, আইএসের ওপর বিমান হামলা চালানোটা আইএসেরই তৈরি একটি ফাঁদ।
হেনিনের মতে, সবচেয়ে ব্যয়বহুল, অত্যাধুনিক বা নতুন অস্ত্রে সজ্জিত পক্ষ নয়, স্থানীয় জনগণের মন যারা জয় করতে পারবে, তারাই এই লড়াইয়ে জিতবে।
যুক্তরাজ্যের পার্লামেন্টে সিরিয়ায় হামলার পক্ষে ভোটাভুটি হওয়ার আগেই হেনিন তাঁর সাক্ষাৎকারে বলেন, ‘সমন্বিত বোমা হামলা আইএসের ক্ষতি করছে না। বরং এই হামলার মাধ্যমে স্থানীয় জনগণকে আইএসের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে।’
হেনিন বলেন, ‘আমাদের যা করতে হবে, যা সবচেয়ে বেশি কার্যকর, তা হলো স্থানীয় জনগণকে আরও বেশি সম্পৃক্ত করা। স্থানীয় মানুষ যত দ্রুত রাজনৈতিক সমাধানের আশা করবে, তত দ্রুতই আইএসের পতন হবে।’ তিনি বলেন, দ্রুত আইএসকে অকার্যকর করার খুব সহজ একটা পথ আছে। সেটা হলো, আন্তর্জাতিক মহলকে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা সব এলাকাকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করতে হবে। যে ‘নো ফ্লাই জোন’ হবে সবার জন্য। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী, রুশ বাহিনী, সিরিয়ার সরকার-সবার জন্যই ‘নো-ফ্লাই জোন’। সেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সেটা আইএসের ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। এই বিষয়টিতেই আন্তর্জাতিক মহলের দৃষ্টি দেওয়া উচিত। ফরাসি এই সাংবাদিক বলেন, ‘কেন আমরা এত ভুল করছি? কেন সবাই আইএসের লক্ষ্য সম্পর্কে ভুল ভাবছে? আমরা শুধুমাত্র আমাদের শত্রুদের পৃষ্ঠপোষকতা করছি এবং স্থানীয় লোকজনের দুর্দশা বাড়িয়েই তুলছি।’
ফ্রিল্যান্স সাংবাদিক হেনিন ইরাক ও সিরিয়ায় তাঁর কর্মজীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। মার্কিন সাংবাদিক জেমস ফলিসহ অন্যান্য জিম্মিদের সঙ্গে তিনি আইএসের হাতে বন্দী ছিলেন। সেই জেমস ফলির শিরশ্ছেদ করেছে আইএস। তবে ফ্রান্স সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে হেনিনকে ছেড়ে দেয় আইএস। বন্দী জীবনের অভিজ্ঞতা নিয়ে ‘জিহাদ একাডেমি’ নামের একটি বই লিখেছেন হেনিন। গত মাসে ইংরেজি ভাষায় বইটি প্রকাশিত হয়েছে।

(দ্য ইনডিপেনডেন্ট থেকে সংক্ষেপিত অনুবাদ)