আইএসবিরোধী লড়াইয়ে সেনা পাঠাবে না অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘তথাকথিত’ আইএস একটি দুর্বল সংগঠন এবং তাদের টুইটার অ্যাকাউন্টের সংখ্যা যোদ্ধাদের চেয়ে বেশি। খবর এএফপির।
টার্নবুলের পূর্বসূরি ও সাবেক অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট আইএস সম্পর্কে ভিন্ন ধারণা পোষণ করতেন। তিনি ওই জঙ্গি সংগঠনকে ‘মৃত্যু উপাসক’ আখ্যা দিয়েছিলেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৩ নভেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মধ্যপ্রাচ্যে অস্ট্রেলীয় সেনা পাঠানোর আহ্বান জানান অ্যাবট।
প্রধানমন্ত্রী টার্নবুল অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জাতীয় নিরাপত্তাবিষয়ক ভাষণে বলেন, আইএস মূলত অপপ্রচারের ওপর ভরসা করে কাজ চালায়। এ ধরনের ধাপ্পাবাজিতে প্রভাবিত হওয়া যাবে না। তবে সংগঠনটিকে অবশ্যই ইরাক ও সিরিয়ায় সামরিকভাবে পরাজিত করতে হবে। তাদের মতাদর্শ সেকেলে হলেও ইন্টারনেট ব্যবহারে তারা খুবই আধুনিক।
মার্কিন নেতৃত্বাধীন একটি জোট বাহিনী ইরাক ও সিরিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালাচ্ছে। অস্ট্রেলিয়াও ওই জোটের অংশ। সিরিয়া ও ইরাকে বিমান হামলায় অস্ট্রেলিয়ার মোট ছয়টি যুদ্ধবিমান অংশ নিচ্ছে।
টার্নবুল বলেন, সিরিয়ায় এখন বড় ধরনের অভিযান চালানোর প্রয়োজন নেই। বিশ্বনেতারা এ ব্যাপারে একমত। তাই সিরিয়া বা ইরাকে অস্ট্রেলীয় সেনা পাঠানোর সিদ্ধান্ত ‘কার্যকর’ ও ‘বাস্তবসম্মত’ হবে না।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী কেভিন অ্যান্ড্রুজ এবং লিবারেল পার্টির আইনপ্রণেতা মাইকেল সুকার প্যারিসে হামলার পর আইএসের বিরুদ্ধে সেনা পাঠানোর জন্য টনি অ্যাবটের আহ্বানকে সমর্থন করেছেন।
ইরাকে বর্তমানে প্রায় ৯০ জন অস্ট্রেলীয় বিশেষ সেনা কাজ করছেন। তাঁরা সন্ত্রাসবিরোধী বিভিন্ন সংস্থাকে পরামর্শ দেন। এ ছাড়া প্রায় ৩০০ সেনা ইরাকি সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছেন।