আইএসে যোগ দিতে যাওয়ার সময় যুক্তরাজ্যের তিন কিশোর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে সিরিয়ার উদ্দেশে পাড়ি দেওয়ার সময় যুক্তরাজ্যের তিন কিশোরকে তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে আটক করা হয়েছে। আজ রোববার তুরস্ক কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

খবরে জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিন কিশোর আইএসে যোগ দেওয়ার জন্য যুক্তরাজ্য ছেড়ে সিরিয়ার উদ্দেশে পাড়ি জমাচ্ছিল। এ সময় ইস্তাম্বুলে তাদেরকে আটক করা হয়। চলতি সপ্তাহেই ওই তিন কিশোরকে যুক্তরাজ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে ইস্তাম্বুল কর্তৃপক্ষ।

লন্ডনের পুলিশ জানায়, গত কয়েকদিন থেকে ১৭ বছর বয়সী দুই কিশোর নিখোঁজ ছিল। তাঁদের ধারণা ছিল, তারা আই​এসে যোগ দিতে সিরিয়ার উদ্দেশে যাচ্ছিল। তাদেরকে আটক করার পর জানা যায়, ওই দুই কিশোর ১৯ বছর বয়সী আরেকজনের সঙ্গে সিরিয়ার উদ্দেশেই যাচ্ছিল।

এক বিবৃতিতে পুলিশ জানায়, তুরস্কের কর্মকর্তাদের এ ব্যাপারে জানানো হয়েছিল। সিরিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলেই মাঝপথে ওই কিশোরদের আটক করে তাঁরা। এ বিষয়ে ওই তিন কিশোরের পরিবারকে জানানো হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্য থেকে তিন স্কুলছাত্রী জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি দেওয়ার ঘটনায় কঠিন প্রশ্নের মুখে পড়েছে ব্রিটিশ পুলিশ। এই পরিস্থিতিতে নিজেদের দুর্বলতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন পুলিশ কমিশনার স্যার বার্নার্ড হোগ্যান হাউই।
পুলিশের তথ্যমতে, পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ওই তিন ছাত্রীর মধ্যে শামীমা বেগম (১৫) ও খাদিজা সুলতানা (১৬) বাংলাদেশি বংশোদ্ভূত। আমিরা আবাসি (১৫) নামে তৃতীয় জন ইথিওপীয়। সম্প্রতি ওই তিন ছাত্রী লন্ডন থেকে বিমানে তুরস্কের উদ্দেশে যাত্রা করে। তুরস্ক সীমান্ত দিয়ে তারা সিরিয়ায় ঢুকেছে বলে ধারণা করা হয়।