আইএসে যোগদান ঠেকাতে জাতিসংঘে প্রস্তাব গৃহীত
বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে যোগদান ঠেকাতে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। খবর এএফপি ও বিবিসির।
নিরাপত্তা পরিষদের ওই অধিবেশনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে আইএসে যোগদান ঠেকাতে এবং অর্থের জোগান রোধ করতে হবে।
গৃহীত প্রস্তাবটির খসড়া তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। এতে বিদেশি নাগরিকদের আইএসে যোগ দেওয়া ও তাদের অর্থায়ন ঠেকানোর পাশাপাশি তাদের সংগঠিত হওয়া, চলাচল ও প্রস্তুতি রোধ করতে হবে।
অধিবেশনে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘এখানে যত কথা হলো, তা অবশ্যই কাজে পরিণত করে দেখাতে হবে... দেশগুলোর নিজেদের এবং বিভিন্ন দেশের মধ্যে... শুধু আগামী কিছুদিনের জন্য নয়, আগামী বছরগুলোতেও।’
এর আগে জতিসংঘে দেওয়া বক্তব্যে ওবামা আইএসের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছিলেন, ‘এই অশুভ শক্তির সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা নয়।’ আইএসবিরোধী জোটে ৪০টির বেশি দেশ যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে তিনি জানান।
ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করে আইএস ইরাক ও সিরিয়ার একটি বড় অংশ নিজেদের দখলে নিয়েছে। বিরোধী পক্ষের ওপর চালিয়ে যাচ্ছে নৃশংসতা। আইএসের পক্ষে লড়াই করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ ইরাক ও সিরিয়ায় গেছে। আইএসকে রুখতে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় হামলায় যোগ দিয়েছে পাঁচটি আরব দেশও।
আইএসের নৃশংসতার ভয়ে গত কিছুদিনে সিরিয়া থেকে প্রায় দেড় লাখ মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ তুরস্কে। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘে অভিযোগ করেছেন, বিভিন্ন দেশ থেকে আইএসে যোগদান ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়।