আইএসের অর্থ আটকাতে আরও কঠোর জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অর্থের উৎস বন্ধ করতে একটি বিশদ খসড়া প্রস্তাব গ্রহণ করতে গতকাল বৃহস্পতিবার বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সদস্যদেশগুলোর অর্থমন্ত্রীদের অংশগ্রহণে এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। খবর এএফপির।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে আইএস–বিষয়ক খসড়া প্রস্তাবটির ওপর গতকালই ভোট হওয়ার কথা ছিল। সিরিয়ায় গৃহযুদ্ধের অবসানে একটি বড় ধরনের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই ভোট এল। ইরাকের পাশাপাশি সিরিয়ার বিরাট এলাকা বর্তমানে আইএসের দখলে। জঙ্গি সংগঠনটির আর্থিক সক্ষমতা এ ধরনের অতীতের যেকোনো সংগঠনের চেয়ে বেশি বলে মনে করা হয়। এটি বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো ও পাশ্চাত্যের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা পরিষদের সব সদস্যের সমর্থন নিয়ে গতকালের ভোটাভুটিতে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হবে বলে আশা করা হচ্ছিল।
এর আগে নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদাকে ঠেকাতে একটি প্রস্তাব পাস করেছিল। তার মাধ্যমে আল-কায়েদা–বিষয়ক কালো তালিকা প্রস্তুত করা হয়েছিল। এবার ‘আইএসআইএল (দায়েশ) ও আল-কায়েদা অবরোধ তালিকা’ করা হবে। এর মাধ্যমে জাতিসংঘ আইএসের চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর মনোযোগ দেওয়ার বিষয়টি জানান দিতে চায়। উল্লেখ্য, আইএসআইএল ও দায়েশ ইসলামিক স্টেটের আরও দুই বিকল্প নাম।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবটিতে আইএসকে অর্থায়ন করা ও বিদেশি যোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়কে যাতে মারাত্মক অপরাধ হিসেবে দেখানো যায়, সে লক্ষ্যে আইন প্রণয়ন করতে সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তেল ও প্রাচীন নিদর্শনসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে আইএস যাতে অর্থ সংগ্রহ করতে না পারে এবং অন্য কোনোভাবে যাতে তাদের কাছে অর্থ পৌঁছাতে না পারে, তা নিশ্চিত করতে দেশগুলোকে ‘অধিকতর বলিষ্ঠ ও স্পষ্ট’ পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অবরোধের তালিকায় তোলার জন্য ‘অধিকতর সক্রিয়ভাবে’ নাম পাঠাতে হবে।
সর্বশেষ এই প্রস্তাবের আওতায় দেশগুলো আইএসের অর্থপ্রবাহ বন্ধ করতে কী কী পদক্ষেপ নিয়েছে, তা পরবর্তী ১২০ দিনের মধ্যে জানাতে হবে। আর আইএসের হুমকি ও তাদের অর্থপ্রবাহের বিষয়ে ৪৫ দিনের মধ্যে একটি সুদূরপ্রসারী প্রতিবেদন তৈরি করতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে বলা হবে।
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসের হিসাবে, আইএস জঙ্গিরা মাসে আট কোটি ডলার আয় করছে। অবশ্য তাদের দখলে থাকা তেলের স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অব্যাহত বিমান হামলার মুখে আয় কমতে শুরু করেছে। বর্তমানে আইএসের মোট আয়ের প্রায় অর্ধেকই আসে অপহরণসহ বিভিন্ন মাধ্যমে চাঁদাবাজি ও তেলসহ সম্পদ লুটের মাধ্যমে। তেল বিক্রি থেকেই আসে ৪৩ শতাংশ।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, ‘আমরা যদি অধিকতর নিবিড় ও আক্রমণাত্মক উপায়ে আইএসের অস্ত্রভান্ডারে হাত দিতে পারি, তাহলে তা তাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতার ওপর একটি বাস্তব প্রভাব ফেলবে।’