সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি ইসলামি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) রুখতে করণীয় নির্ধারণে যুক্তরাজ্যের লন্ডনে আলোচনায় বসেছেন ২১টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এসব দেশ আইএসবিরোধী জোটের সদস্য। খবর বিবিসির।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও মার্কিন পরাষ্ট্রমন্ত্রী জন কেরির যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ওই সম্মেলনের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও আইএসবিরোধী জোটের এই সম্মেলনে যোগ দেওয়া ২১টি দেশের মধ্যে আছে অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব।
সম্মেলনে আইএসের অর্থের জোগান এবং সংগঠনটিতে যোগদানের প্রবণতা রুখতে করণীয় সম্পর্কে আলোচনা হওয়ার কথা ছিল। এর পাশাপাশি ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধরতদের সহযোগিতা এবং সেখানে মানবিক সহায়তা আরও বাড়ানোর বিষয়েও আলোচনার কথা ছিল।
ফ্রান্সে জঙ্গিদের সাম্প্রতিক হামলার পর কার্যকর কিছু করে দেখানোর জন্য একটি বড় চাপ আছে এসব দেশের ওপর। লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীরা আমাদের হারিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের কর্মকাণ্ড বরং আমাদের আরও ঐক্যবদ্ধ করছে। আইএসকে পরাজিত করতে আগের চেয়ে এসব দেশ অনেক বেশি সংকল্পবদ্ধ।’
দেশ ছাড়ার আগে ওয়াশিংটনে কেরি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনির সঙ্গে সাক্ষাৎ করেন। মগেরিনি জানান, আইএসের বিরুদ্ধে লড়াই পশ্চিমের সঙ্গে ইসলামের সংঘাত নয়। তিনি বলেন, ‘আইএসবিরোধী জোট হচ্ছে আরব দেশগুলোতে শুরু হওয়া ধ্বংসাত্মক ও পাশবিক এক প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের একতাবদ্ধ করেছে। এই পাশবিকতা সারা বিশ্বের সমাজকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে।’
আইএস সিরিয়া ও ইরাকের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। গত বছরের জুন মাসে সংগঠনটি তাদের নিয়ন্ত্রিত এলাকায় ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়।
লন্ডনে সম্মেলনে যোগদানের জন্য দেশ ছাড়ার আগে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রশংসা করেন। তবে তিনি বলেন, বিমান হামলার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত স্থল হামলা জোরদার করতে আরও প্রশিক্ষণ ও রসদ দিয়ে সহযোগিতা করা।’ বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, ‘এযাবৎ অনেক কথা হয়েছে। কিন্তু স্থলযুদ্ধে আমরা খুব কমই এগিয়েছি।’
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএসবিরোধী বিমান হামলা ইরাকে শুরু হয় গত বছরের আগস্ট মাসে আর সিরিয়ায় সেপ্টেম্বর মাসে। এযাবৎ ১০০০টি বিমান হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, এই হামলা সফল। তবে আইএস নির্মূল করতে এই হামলা অব্যাহত রাখার কথা বলেছে দেশটি।