আইএসের তেল যাচ্ছে বাশারের কাছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের কাছে ৫০ কোটি মার্কিন ডলারের বেশি দামের তেল বিক্রি করেছে। আর কিছু তেল তুরস্কেও পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাডাম জুবান গত বৃহস্পতিবার এসব কথা বলেছেন। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও রাশিয়া আইএসকে হারানোর অঙ্গীকার করেছে। কট্টরপন্থী সুন্নি সংগঠনটির বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী সিরিয়া ও ইরাকে বিমান হামলা চালাচ্ছে। আইএসের তেল বাণিজ্য নিয়ে মার্কিন রাজস্ব বিভাগের কোনো কর্মকর্তা এই প্রথম প্রকাশ্য বক্তব্য দিলেন। জুবান বলেন, আইএস এক মাসে কমপক্ষে চার কোটি ডলারের তেল বিক্রি করে।
জুবান বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের সন্ত্রাসবাদ ও অর্থ গোয়েন্দা বিভাগের উপমন্ত্রী। তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের চ্যাথাম হাউসে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, সিরিয়ার সরকারের কাছে আইএস বিপুল পরিমাণ তেল বিক্রি করছে। তারা একদিকে পরস্পরকে ধ্বংস করার চেষ্টা করছে, আরেক দিকে নিজেরাই লাখ লাখ ডলারের বাণিজ্য করছে। আইএসের ‘আরও বেশি পরিমাণ’ তেল আইএস-নিয়ন্ত্রিত এলাকায়ই ব্যবহৃত হচ্ছে। আর কিছু তেল যাচ্ছে কুর্দি-অধ্যুষিত এলাকা থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত।