আইএসের নথিতে তিন প্যারিস হামলাকারীর নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ফাঁস হওয়া যে নথিতে কথিত ২২ হাজার আইএস সমর্থকের নাম-পরিচয় পাওয়া গেছে, তাতে প্যারিসে গত বছরের নভেম্বরের হামলায় যুক্ত তিনজনের নামও রয়েছে। গতকাল শনিবার জার্মানির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এর আগে জার্মানির তদন্তকারীরা বলেছিলেন, তাঁরা ওই তালিকা খতিয়ে দেখছেন এবং এটি সত্যিও হতে পারে।
প্যারিসের উপর্যুপরি কয়েকটি রক্তক্ষয়ী হামলায় অন্তত ১৩০ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে অন্তত ৯০ জনেরই মৃত্যু হয় বাতাক্লঁ থিয়েটারে হামলায়। ওই হামলায় সামি আমিমুর, ফুয়া মোহাম্মদ আগ্গাদ, ওমর ইসমাইল মোস্তেফাই জড়িত ছিলেন বলে ধারণা করা হয়। আইএসের ফাঁস হওয়া নথিতে এ তিনজনের নাম পাওয়া গেছে।
জার্মানির সম্প্রচার প্রতিষ্ঠান ডব্লিউডিআর, এনডিআর এবং পত্রিকা সুডডয়েচে জাইটুং জানিয়েছে, আইএসের নথি অনুযায়ী ওই তিন হামলাকারী ২০১৩-১৪ সময়কালে মধ্যপ্রাচ্যের আইএস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে প্রবেশ করেন। নথিতে যুক্তরাজ্যের ১৬ জন নাগরিকের নাম রয়েছে। এঁদের মধ্যে জুনায়েদ হোসেন ও রিয়াদ খান গত সেপ্টেম্বরে সিরিয়ায় ব্রিটিশ ড্রোন হামলায় নিহত হন। নথিতে তালিকাভুক্ত কেরিম মার্ক বি, আবদেল করিম বি জার্মানিতে পৃথক মামলায় বিচারাধীন। এদিকে তালিকাভুক্ত আরও দুই জার্মান নাগরিককে আইএসের ভিডিওতে দেখা গেছে।
সম্প্রতি আবু হামিদ নামে আইএসের সাবেক এক সদস্য জঙ্গি সংগঠনটির সমর্থকদের তথ্যসংবলিত কম্পিউটারের একটি মেমোরি কার্ড যুক্তরাজ্যের স্কাই নিউজ টেলিভিশনের কাছে হস্তান্তর করেন। ফাঁস হওয়া ওই দলিলে রয়েছে অন্তত ৪০টি দেশের প্রায় ২২ হাজার আইএস সমর্থকের নাম, জাতীয়তা, ঠিকানা, আত্মীয়স্বজনের তথ্য এবং তাঁদের কাজের দক্ষতার বিবরণ। বিশ্লেষকদের অনেকে এ তালিকার তথ্যে ‘অসংগতি’ থাকার কথা বলে এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এরপর জার্মানির সন্ত্রাসবিরোধী পুলিশ ওই তালিকা ধরে তদন্ত করার কথা জানায়। জার্মান পুলিশের ধারণা—ফাঁস হওয়া নথিটি আসল হতে পারে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডে মেজিয়া বলছেন, নথির তালিকার ভিত্তিতে আইএস সদস্যদের ফৌজদারি বিচারের জন্য সোপর্দ করা যাবে। ভবিষ্যতে সংগঠনটির সমর্থক সংগ্রহ ঠেকাতেও তালিকাটি কাজে লাগবে।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে বলেন, ‘আমরা জাতীয় নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট বিষয়ে মন্তব্য করি না। আইএস একটি গুরুতর হুমকি। তাকে যৌথভাবে মোকাবিলা করতে হবে।’