আইএসের পথ বন্ধে তুরস্ককে সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) গতিবিধি দমনে তুরস্ককে সহায়তায় পদক্ষেপ ত্বরান্বিত করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আঙ্কারার সীমান্ত সুরক্ষায় প্রথমবারের মতো প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেবেন তাঁরা। তুরস্ক থেকে সীমান্ত পার হয়েই অনেক সমর্থক আইএসে যোগ দিতে সিরিয়া ও ইরাকে গিয়ে থাকে বলে মনে করা হয়। খবর রয়টার্সের।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের গতকাল বৃহস্পতিবারই তুরস্কে যাওয়ার কথা ছিল। আইএসবিরোধী যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলুর সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর। মার্কিন কর্মকর্তারা জানান, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জে জনসন আগামী ফেব্রুয়ারি মাসে আন্ত সংস্থা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। এর ভিত্তিতে তুর্কি সরকারকে সুনির্দিষ্ট সীমানা নিয়ন্ত্রণ প্রযুক্তির তালিকা দেওয়া হবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার গত মাসে বলেছিলেন, সিরিয়ার সঙ্গে অরক্ষিত সীমান্ত নিয়ন্ত্রণে তুরস্কের আরও উদ্যোগী হওয়া উচিত।
সিরিয়া ও তুরস্কের মধ্যে এখনো অরক্ষিত রয়েছে প্রায় ৬০ মাইল সীমান্ত এলাকা। এর সিরীয় পাশ আইএস নিয়ন্ত্রণ করছে। আইএস যোদ্ধাদের কালোবাজারে বিক্রি করা পণ্য ও যুদ্ধ উপকরণ সরবরাহের অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ওই সীমান্ত এলাকা। ফলে তা বন্ধ করতে কয়েক মাস ধরেই আলোচনা চলছে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে।
দুই সপ্তাহ আগে তুরস্ক সফর করেছেন মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড। এর ধারাবাহিকতায় ন্যাটো জোটভুক্ত দেশটিতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরটি বেশ গুরুত্ব বহন করছে।
মার্কিন কর্মকর্তারা বলেন, তুরস্ককে যেসব প্রযুক্তি দেওয়ার প্রস্তাব করা হতে পারে, তার তালিকায় নজরদারি বেলুন ও সুড়ঙ্গবিরোধী প্রযুক্তি থাকতে পারে। এ ছাড়া হাতের নাগালে পাওয়া যায় এমন জিনিস দিয়ে তৈরি বিস্ফোরকের উপকরণ শনাক্তকরণের পদ্ধতি জানানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।
সীমান্ত সুরক্ষায় তুরস্কের পদক্ষেপের মধ্যে রয়েছে অতিরিক্ত ২৫ হাজার নিয়মিত সেনা মোতায়েন এবং কংক্রিটের দেয়াল ও বেষ্টনী তৈরি করা।