আইএসের বিরুদ্ধে সামরিক শক্তির পক্ষে ভ্যাটিকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের পক্ষে ভ্যাটিকান। জেনেভায় জাতিসংঘে ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক আর্চবিশপ সিলভানো টমাসি এ কথা জানিয়েছেন। এমন এক সময়ে এই মন্তব্য এল, যখন ইরাকের তিকরিত শহরকে আইএসমুক্ত করতে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইরাক সরকার। খবর বিবিসি ও এএফপির।
ভ্যাটিকান প্রথাগতভাবেই মধ্যপ্রাচ্য এলাকায় সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে থাকে। তবে লিবিয়ায় গত ফেব্রুয়ারি মাসে আইএস ২১ জন মিসরীয় কপটিক খ্রিষ্টানকে শিরশ্ছেদ করে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস।
যুক্তরাষ্ট্রের ক্যাথলিক ওয়েবসাইট ক্রাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্চবিশপ টমাসি বলেন, কোনো প্রকার সহিংসতা ছাড়াই একটি রাজনৈতিক সমাধানের জন্য সম্ভাব্য সব চেষ্টার জন্য যেটা দরকার সেটা হলো, একটি সমন্বিত ও সুচিন্তিত জোট গঠন। কিন্তু সেটা যদি সম্ভব না হয়, তাহলে শক্তি প্রয়োগের দরকার হবে। তিনি আরও বলেন, ‘এ ধরনের গণহত্যা থামাতেই হবে। তা না হলে এখনকার নিষ্ক্রিয়তার জন্য ভবিষ্যতে কাঁদতে হবে। বলতে হবে, আমরা এ ধরনের বিয়োগান্ত ঘটনা কেন ঘটতে দিলাম।’