আইএসের হুমকিতেই উড়োজাহাজে ল্যাপটপ ট্যাবলেট নিষিদ্ধ?
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্র অভিমুখী উড়োজাহাজের কেবিনে ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারসহ এ ধরনের যন্ত্র বহন নিষিদ্ধ করার পেছনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হুমকি কাজ করেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি এক সূত্রের বরাত দিয়ে এ কথা বলেছে।
এবিসি জানায়, ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে লুকিয়ে জঙ্গিগোষ্ঠী আইএস বিস্ফোরক পদার্থ পাচারের চেষ্টা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও যাত্রী কেবিনে ইলেকট্রনিক যন্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করে। তবে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় কিছুটা ভিন্নতা রয়েছে। দেশটি উড়োজাহাজে ১৬ সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং ৯ দশমিক ৩ সেন্টিমিটার প্রস্থ পর্যন্ত আকারের ইলেকট্রনিক সামগ্রী বহন করতে দেবে।
যুক্তরাষ্ট্র বলেছে, সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে ভ্রমণকারীদের বিষয়টি জানাতে গত মঙ্গলবার স্থানীয় সময় রাত তিনটা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। আর ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের মুখপাত্র গতকাল বলেন, আগামী কয়েক দিনের মধ্যে সরকারের নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।