আইন করার শেষ চেষ্টায় বৈঠক ডাকলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ফিসক্যাল ক্লিফ’ নামে ঘনিয়ে আসা সমস্যা এড়ানোর শেষ চেষ্টা হিসেবে হোয়াইট হাউসে কংগ্রেস নেতাদের বৈঠক ডেকেছেন। আগামী চার দিনের মধ্যে এ ব্যাপারে কংগ্রেসে দ্বিদলীয় মতৈক্য না হলে শত শত কোটি ডলার কর বৃদ্ধি এবং সরকারি ব্যয় হ্রাস স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হওয়ার কথা, যা যুক্তরাষ্ট্রে ‘ফিসক্যাল ক্লিফ’ নামে পরিচিত।ফিসক্যাল ক্লিফ নিয়ে কাল রোববার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ অধিবেশনে আলোচনা হবে। বিশ্লেষকেরা বলছেন, এ বিষয়ে নতুন আইন করা না হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবার মন্দায় পড়বে এবং সারা বিশ্বে তার প্রভাব পড়বে।হোয়াইট হাউস জানায়, গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল তিনটায় (বাংলাদেশ সময় গত রাত দুইটা) প্রেসিডেন্টের দপ্তরে কংগ্রেস নেতাদের বৈঠক ডেকেছেন ওবামা। এই বৈঠকেই নতুন আইনের ব্যাপারে মতৈক্যের শেষ চেষ্টা করবেন তিনি। এ আলোচনার জন্য ছুটি সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ফিরেছেন বারাক ওবামা।এর আগে ২০ ডিসেম্বর বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতা ও কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার নতুন আইন করতে প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করেন। রিপাবলিকান পার্টির কট্টরপন্থী নেতারা এই বিলের বিপক্ষে অবস্থান নেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ বলে ওই বিল বাতিল হয়ে যায়। স্পিকার বোয়েনার বলেন, এই বিল পাস হলে ৯৯ দশমিক ৮ শতাংশ মার্কিন জনগণের কর হ্রাসের বিষয়টি নিশ্চিত হতো। যাঁদের আয় ১০ লাখ ডলারের ওপর, তাঁদের ক্ষেত্রেই কর কার্যকর হতো।নতুন আইন না হলে আগামী ১ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে পাস হওয়া ঢালাও কর হ্রাসের মেয়াদ শেষ হবে। এতে সব শ্রেণীর আয়ের নাগরিক এবং অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর প্রভাব পড়বে।ওয়াশিংটন থেকে বিবিসির সাংবাদিক জনি ডায়মন্ড বলেন, নতুন বছরের আগে একটি সমঝোতায় পৌঁছা খুবই কঠিন।মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেন, ‘আমরা দেখতে চাচ্ছি, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট কী প্রস্তাব দেন। এরপর দুই দলের নেতারাই তাঁর প্রস্তাব পর্যালোচনা করবেন। এরপর আমরা বিবেচনা করব, কোন সিদ্ধান্তটা নেওয়া সবচেয়ে ভালো হবে।’বিশ্লেষকেরা বলছেন, বিশেষ করে বিত্তশালীদের কর বাড়ানোর বিষয়টি নিয়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির অবস্থান একেবারেই ভিন্ন। ওবামা চাইছেন, চার লাখ ডলারের নিচে আয় করেন, এমন নাগরিকেরা যাতে করের আওতায় না আসেন। তাই বিত্তশালীদের কর বাড়ানোর পক্ষে তিনি। আর রিপাবলিকানরা নতুন করে কোনো ধরনের কর আরোপের বিরুদ্ধে। বিবিসি, এএফপি ও রয়টার্স।