আইনস্টাইনের সেই চিঠি নিলামে
পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন মৃত্যুর মাত্র এক বছর আগে একটি চিঠিতে ‘ঈশ্বর’ বিষয়ে তাঁর ভাবনা স্পষ্ট ভাষায় লিখে গেছেন। হাতে লেখা ওই চিঠি চলতি মাসে অনলাইনে নিলামে তোলা হবে।গত মঙ্গলবার আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নিলামে চিঠিটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে ৩০ লাখ ডলার। তবে নিলামকারীদের আশা, আরও অনেক বেশি দামে বিক্রি হবে ঐতিহাসিক এই চিঠি। এতে ধর্ম, ঈশ্বর ও উপজাতি বিষয়ে ব্যক্তিগত মত প্রকাশ করেছেন আইনস্টাইন।লস অ্যাঞ্জেলেসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান অকশন কজ-এর সভাপতি এরিক গাজিন বলেন, ‘“গড লেটার” নামের এই চিঠিটি আমার বিবেচনায় সত্যি ঐতিহাসিক। এর সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। কারণ বিংশ শতাব্দীর সবচেয়ে মেধাবী মানুষটি তাঁর একান্ত ভাবনা এখানে তুলে ধরেছেন। সারা জীবন জ্ঞানার্জন করে নিজের চিন্তা ও চেতনা শাণিত করেছেন আইনস্টাইন। জীবনের শেষ দিকে লিখেছেন ওই চিঠি। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক ইবি করপোরেশনের সহায়তায় নিলামে তোলা হচ্ছে।’আইনস্টাইন ১৯৫৪ সালের ৩ জানুয়ারি জার্মান ভাষায় এই চিঠি লেখেন। এতে দার্শনিক এরিক গুতকিন্ডকে লেখা চুজ লাইফ: দ্য বাইবেল কল টু রিভল্ট বই পড়ার পর নিজের চিন্তাভাবনা তুলে ধরেন নোবেলজয়ী বিজ্ঞানী আইনস্টাইন। তিনি লিখেছেন, ‘আমার কাছে ঈশ্বর শব্দটি মানুষের দুর্বলতার প্রকাশ ছাড়া অন্য কিছু নয়। দুর্বলতা থেকেই মানুষ এই শব্দের সৃষ্টি করেছে। আর বাইবেল হলো মর্যাদাবানদের একটি সংকলন। কিন্তু পৌরাণিক উপাখ্যানের এই সংকলন শিশুসুলভ।’ বিক্রেতার নাম প্রকাশ করা হয়নি। তবে এটা জানানো হয়েছে, মূল খাম, স্ট্যাম্প ও পোস্টমার্কসহ চিঠিটি বিক্রি করা হবে। এটি ২০০৮ সালে লন্ডনে নিলামে চার লাখ চার হাজার ডলারে কিনেছিলেন ওই ব্যক্তি। রয়টার্স।