আইনি প্রক্রিয়া সত্ত্বেও কেটের বিতর্কিত ছবি ছড়িয়ে পড়ছে
যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের অর্ধনগ্ন (টপলেস) ছবি ফরাসি ক্লোজার সাময়িকীতে ছাপা হওয়ার পর তা ছড়িয়ে পড়া বন্ধে মামলা হয়েছিল। তবে সেটা খুব একটা কাজে আসেনি। আয়ারল্যান্ডের পত্রিকার পর এবার ইতালির একটি সাময়িকীও ছবিগুলো ছাপানোর পরিকল্পনা করছে। তবে ব্রিটিশ রাজপরিবার তা ঠেকানোর মরিয়া চেষ্টা করে যাচ্ছে। উইলিয়াম ও কেটের একজন মুখপাত্র বলেন, ‘কেটের ছবি ছাপানোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার পরও কোনো লাভ হয়নি। বরং অনেকেই নতুন করে সেই ছবি ছাপানোর প্রয়াস পেয়েছে।’এরই মধ্যে আজ সোমবার ইতালির চি সাময়িকীর বিশেষ সংখ্যার ২৬ পৃষ্ঠা জুড়ে পাপারাজ্জিদের তোলা কেটের ছবি ছাপার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ব্রিটিশ রাজপ্রাসাদ বলেছে, এই পদক্ষেপ কেট মিডলটনের ওপর বিরূপ প্রভাব ফেলবে। এর আগে আইরিশ ডেইলি স্টার পত্রিকায় কেটের অর্ধনগ্ন ছবি ছাপা হয়।এদিকে বিতর্কের মধ্যেই ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজ উইলয়াম ও কেট সলোমান দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশে নয় দিনের সফরের অংশ হিসেবে তাঁরা সেখানে গেছেন। তবে কেট মিডলটনের অর্ধনগ্ন ছবি ছাপার ঘটনায় তাঁদের সফরের বিষয়টি ধামাচাপা পড়েছে। এএফপি ও বিবিসি।