আইনি প্রতিষ্ঠানেও গোপন নজরদারি চালায় এনএসএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ এবং এর অস্ট্রেলীয় সহযোগী সংস্থাগুলোর গোপন নজরদারি কর্মসূচি থেকে রেহাই পায়নি আইনি প্রতিষ্ঠানও।
একটি প্রভাবশালী সংবাদপত্রে গত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে। অবশ্য নজরদারির শিকার ওই মার্কিন আইনি প্রতিষ্ঠানের পরিচয় প্রকাশ করা হয়নি।
এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা গোপন এক নথির বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যবিরোধ নিয়ে একটি বিদেশি সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলার সময় আইনি প্রতিষ্ঠানটির ওপর ওই নজরদারি চালানো হয়। এর ওপর নজরদারি চালায় এনএসএর সহযোগী গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়ান সিগন্যাল ডাইরেক্টরেটও। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গোপন নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার সরকার ওই বাণিজ্য আলোচনায় আইনি সহায়তা পেতে প্রতিষ্ঠানটির শরণাপন্ন হয়েছিল।
অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাটি ইন্দোনেশিয়া ও মার্কিন আইনি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কথোপকথনসহ পুরো বাণিজ্য আলোচনায় তার অবৈধ নজরদারি চালানোর বিষয় এনএসএকে আগেভাগেই জানায়। এ ছাড়া সংস্থাটি সংগৃহীত তথ্য বিনিময়েরও প্রস্তাব দেয়।
স্নোডেনের ফাঁস করা গোপন নথিতে আইনি প্রতিষ্ঠানটির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে শিকাগো-ভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের কর্মকর্তা মেয়ার ব্রাউন বাণিজ্য নিয়ে সেই সময় ইন্দোনেশীয় সরকারের পরামর্শক হিসেবে কাজ করছিলেন। অবশ্য তাঁর মুখপাত্র আইনজীবী ডুয়েন লেটন এই খবর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রয়টার্স।