আইনের বৈধতা যাচাই করবেন ভারতের সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট সে দেশের কিশোর বিচার আইনের সাংবিধানিক বৈধতা পরীক্ষা-নিরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। ওই আইন অনুযায়ী, বর্তমানে ১৮ বছরের নিচের বয়সী যে কেউ কিশোর বলে বিবেচিত।নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলার পরিপ্রেক্ষিতে বিষয়টি সামনে চলে এসেছে। ওই মামলায় অভিযুক্ত ছয়জনের একজন কিশোর।বিদ্যমান কিশোর বিচার আইনে কিশোরের সংজ্ঞা পরিবর্তন চেয়ে সম্প্রতি দুজন আইনজীবী আদালতে আবেদন করেন। আইনজীবীরা বলেন, কিশোর আইনের বেশ কয়েকটি ধারা অযৌক্তিক ও সংবিধান পরিপন্থী। আইনটিতে কিশোরের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক।অ্যাটর্নি জেনারেল জি ই ভহনভাতিকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ আদালত। বিচারপতি কে এস রাধাকৃষ্ণ ও দিপক মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী ৩ এপ্রিল থেকে ইস্যুটির ওপর শুনানির সিদ্ধান্ত নিয়েছেন। তা ছাড়া অ্যাটর্নি জেনারেলকে পাল্টা এফিডেভিট করারও নির্দেশ দিয়েছেন।আবেদনকারীরা বলেন, ভারতের পেনাল কোডের ৮২ ও ৮৩ ধারায় কিশোরের পরিষ্কার সংজ্ঞা দেওয়া আছে। ৮২ ধারায় বলা হয়েছে, সাত বছরের নিচের কারও কোনো কাজই অপরাধ বলে গণ্য হবে না। আর ৮৩ ধারায় বলা হয়েছে, একইভাবে সাত বছরের ওপরে ও ১২ বছরের নিচের কোনো শিশুর কাজও অপরাধ বলে গণ্য হবে না। এমনকি যারা কোনো কাজের প্রকৃতি ও পরিণতি বিচার করার মতো পরিপক্বতা অর্জন করেনি, তারাও কিশোর বলে বিবেচিত হবে। বেঞ্চ বলেন, ‘বিষয়টা আমাদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। এটা আইনের প্রশ্ন। কিশোরের বয়স নির্ধারণের প্রশ্ন।’ দ্য হিন্দু।