আইপিসিসির প্রধান পাচৌরির পদত্যাগ

যৌন নিগ্রহের অভিযোগের জেরে পদত্যাগ করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ রাজেন্দ্র পাচৌরি (৭৪)। বিশ্বসংস্থাটির জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকারি প্যানেলের (আইপিসিসি) চেয়ারম্যান ছিলেন পাচৌরি। খবর এএফপির।
আইপিসিসি গতকাল মঙ্গলবার পাচৌরির পদত্যাগের খবর নিশ্চিত করেছে। প্যানেল বলেছে, ‘ভাইস চেয়ারম্যান ইসমাইল আল গিজুলিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আইপিসিসির চেয়ারম্যান পদ থেকে রাজেন্দ্র কে. পাচৌরির পদত্যাগের সিদ্ধান্তের পর গিজুলিকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।’
কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে এ বিবৃতি দেয় নোবেলজয়ী সংস্থা আইপিসিসি। সেখানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিসংক্রান্ত চার দিনের একটি সম্মেলন গতকাল থেকে শুরু হয়েছে। সম্মেলনে পাচৌরির অংশ নেওয়ার কথা থাকলেও তিনি আগেই বাতিল করেন।
পাচৌরির বিরুদ্ধে প্রায় এক সপ্তাহ আগে তাঁর নিজেরই নয়াদিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দি এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (টেরি) এক নারী যৌন নিগ্রহের অভিযোগ করেন। তিনি বারবার আপত্তিকর ই-মেইল, খুদে বার্তা পাঠানোসহ অবাঞ্ছিত আচরণের অভিযোগ করেছেন। তবে পাচৌরির দাবি, তাঁর ই-মেইল ও মোবাইল ফোন হ্যাক হয়েছিল।