আইপ্যাড কিনতে চীনা কিশোরের কিডনি বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি আইপ্যাড ও একটি আইফোন কেনার জন্য নিজের কিডনি বিক্রি করে দিয়েছে এক চীনা কিশোর। অবৈধভাবে তার কিডনি কেনার ঘটনায় একজন চিকিৎসকসহ মোট পাঁচ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।চীনের আনহুই প্রদেশের ১৭ বছর বয়সী ওই স্কুলছাত্রের ডাকনাম ওয়াং। আনহুই চীনের দারিদ্র্যপীড়িত প্রদেশগুলোর একটি। ওয়াং গত বছরের এপ্রিল মাসে মাত্র দুই হাজার ২০০ ডলারের বিনিময়ে তার একটি কিডনি বিক্রি করে দেয়। পরে সেই অর্থ দিয়ে নতুন একটি আইপ্যাড ও একটি আইফোন নিয়ে বাড়ি ফেরার পর ওয়াং তার মায়ের জেরার মুখে পড়ে। কেননা, চীনে অ্যাপলের আইপ্যাড ও আইফোন ব্যাপক জনপ্রিয় হলেও দাম চড়ার কারণে তা অনেকের নাগালের বাইরে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ছেলের কিডনি বিক্রির বিষয়টি টের পেয়ে যান। ওয়াং বর্তমানে মূত্রাশয়ের জটিলতায় ভুগছে এবং ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গত শুক্রবার রাতে জানায়, অভিযুক্ত পাঁচ ব্যক্তির মধ্যে রয়েছেন একজন শল্যচিকিৎসক, স্থানীয় একটি হাসপাতালের ঠিকাদার ও একজন মধ্যস্থতাকারী, যে ওয়াংয়ের সঙ্গে অনলাইনে কিডনি কেনাবেচার চুক্তি করেন। কিডনি সংগ্রহ ও প্রতিস্থাপনের ব্যবস্থা করার জন্য অজ্ঞাত একজন গ্রহীতা ওই মধ্যস্থতাকারীকে ২২ হাজার ডলার দিয়েছিলেন। লাভের অংশ তিনি চুক্তিবদ্ধ হওয়া শল্যচিকিৎসক এবং অন্য তিন অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ভাগাভাগি করে নেন। ওই পাঁচ ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে জখম করা এবং অবৈধভাবে মানব অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবসার অভিযোগ আনা হয়েছে। কেননা, চীনে মানব অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসা নিষিদ্ধ। টাইমস অব ইন্ডিয়া।